বাংলাদেশে উইমেন টেকমেকারসের প্রধান হলেন ফারাহ ও রাখশান্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাহ ও রাখশান্দা
ফারাহ ও রাখশান্দা

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের নারী প্রযুক্তিবিদদের নিয়ে তৈরি আন্তর্জাতিক সম্প্রদায় (কমিউনিটি) ‘উইমেন টেকমেকারস’-এর বাংলাদেশ শাখার জন্য প্রধান নারী প্রতিনিধি নির্বাচিত হলেন ফারাহ নাজিফা ও রাখশান্দা রুখাম। গতকাল মঙ্গলবার পাঠানো গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকার ব্যবস্থাপক আরিফ নিজামীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গুগলের ‘উইমেন টেকমেকারস’ কর্মসূচি ব্যবস্থাপক মেলিসা পাওয়েল ই-মেইলে বিষয়টি নিশ্চিত করেছেন।
উইমেন টেকমেকারস বাংলাদেশের এই দুই প্রধান বর্তমানে পড়াশোনা করছেন। ফারাহ নাজিফা পড়ছেন ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। প্রথম আলোকে ফারাহ জানান, ২০১২ সাল থেকে তিনি গুগলের বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে জড়িত। তিনি বলেন, ‘আমাকে দেখে মেয়েরা যাতে আরও বেশি করে প্রযুক্তির ক্ষেত্রে অনুপ্রাণিত হয় সে জন্যই জিডিজির হয়ে বিভিন্ন আয়োজন করে থাকি। যারা এই ক্ষেত্রে এখনো জড়িত নয়, তাদের প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলাটাই হবে বড় কাজ।’

রাখশান্দা রুখামও ২০১২ সাল থেকে জিডিজির সঙ্গে কাজ করছেন। তিনি বর্তমানে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেলিযোগাযোগ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগে শেষ বর্ষে পড়ছেন। রাখশান্দা জানালেন, বাংলাদেশ তো বটেই, গোটা দুনিয়ায় প্রযুক্তিক্ষেত্রে নারীরা এখনো পিছিয়ে আছে। তিনি বলেন, ‘বাংলাদেশে প্রযুক্তি, প্রকৌশল ও বিজ্ঞানের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ব্যাপারে কাজ করে যাব।’
কয়েক বছর ধরেই নারী প্রযুক্তিবিদদের জন্য গুগলের এই কমিউনিটি দেশে কাজ করে আসছে। এত দিন জিডিজির মধ্যে পরিচালিত হলেও এই প্রথম আলাদাভাবে গুগল ‘প্রধান’ বা ‘লিড’ নির্বাচন করল বলে জানান আরিফ নিজামী। তিনি বলেন, ‘এই নতুন পদ সৃষ্টির মাধ্যমে দেশে গুগলের উপস্থিতি আরও বাড়বে।’
উইমেন টেকমেকারস গত বছর ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় শুধু নারীদের নিয়ে কার্যক্রম পরিচালনা করেছে। আগামী ৮ মার্চে সারা দেশে ১০টি অনুষ্ঠান ও নানা কার্যক্রম চালাবে ‘উইমেন টেকমেকারস’। বিস্তারিত ঠিকানা: bit.ly/wtmbd। —নিজস্ব প্রতিবেদক