বাংলাদেশে এল এভারজবস
এশিয়ার দ্রুত বিকাশমান জব সাইট এভারজবস বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। আজ রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনে এভারজবসের আনুষ্ঠানিক ঘোষণা দেন এভারজবস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক খায়েস ভ্যারহাইকে। এভারজবস হচ্ছে রকেট ইন্টারনেটের উদ্যোগ, যা এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ ও আফ্রিকা ইন্টারনেট গ্রুপের অন্তর্ভুক্ত।
এভারজবসের ব্যবস্থাপনা পরিচালক খায়েস ভ্যারহাইকে জানিয়েছেন, চাকরি খোঁজার প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে এভারজবস। মাত্র কয়েকটি ক্লিকেই কাঙ্ক্ষিত চাকরির সন্ধান পাওয়া যাবে। বাংলাদেশে everjobs.com.bd সাইটে গিয়ে সহজে প্রোফাইল তৈরি কিংবা সামাজিক যোগাযোগের সঙ্গে এই প্রোফাইল যুক্ত করা যাবে।
খায়েস ভ্যারহাইকে বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে ইকমার্স ভিত্তিক ব্যবসার দ্রুত বাড়ছে। বাংলাদেশে জনসংখ্যাও বেশি। বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারের হারও বাড়ছে। দেশের মানুষকে জনশক্তিতে পরিণত করতে এখন প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ। দেশব্যাপী ইন্টারনেট ও মোবাইল ফোনের বাড়ায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
খায়েস ভ্যারহাইকে আরও বলেন, ‘বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ সম্ভাবনাময়। চাকরিপ্রার্থীদের পরিচ্ছন্ন ওয়েব ইন্টারফেসের মাধ্যমে সঠিক চাকরি খুঁজে পেতে সাহায্য করবে এভারজবস। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোও প্রার্থীদের দক্ষতা যাচাই করে নিতে পারবে প্রয়োজন অনুসারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মুনির হাসান জানান, ‘প্রতিবছর বিশ লাখের বেশি মানুষ চাকরির বাজারে প্রবেশ করে। এর মধ্যে থেকে অনেকেই উচ্চতর শিক্ষা ও জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি দেন। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও রয়ে যাওয়া জনসম্পদের প্রায় ৪৬ শতাংশ বেকার থাকে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, যথাযথ যোগ্যতা সম্পন্ন প্রার্থী না পেয়ে অনেক প্রতিষ্ঠান হতাশও বটে। এভারজবস শুধু ঢাকা কেন্দ্রিক কাজ না করে দেশের অন্যান্য অঞ্চলের চাকরিপ্রার্থীদের যথাযথ প্রশিক্ষণ ও কর্মসূচির মাধ্যমে এগিয়ে যেতে পারে।’
এভারজবসের ব্যবসা উন্নয়ন কর্মকর্তা বার্ট ভ্যান ডিক বলেন, ‘বাংলাদেশে যথাযথ বাজার গবেষণা করেই তারা কাজ শুরু করেছে। বাংলাদেশের কোনো জব সাইটকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে না বরং যেসব ক্ষেত্রগুলোতে এখনো কাজ হয়নি সেগুলোতে জোর দেবে এভারজবস।’
সর্ব প্রথম মিয়ানমারে work.com.mm নামে এশিয়াতে আত্মপ্রকাশ করে এভারজবস। চলতি বছরেই শ্রীলঙ্কায় এক হাজারের অধিক চাকরির তালিকা নিয়ে যাত্রা শুরু করেছে everjobs.lk। এবারে এক হাজারের বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে দুই হাজারের অধিক চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশে এভারজবস বাংলাদেশ http://bit.ly/1KGv5le যাত্রা শুরু করল।