বাংলাদেশে চালু হচ্ছে গান শোনার এমজ্যামস
ডিজিটাল মাধ্যমে গান বিপণন ও বিকিকিনির অ্যাপভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এমজ্যামস বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর ফলে পৃথিবীর জনপ্রিয় সব গান বাজারে আসারে সঙ্গে সঙ্গেই শ্রোতা ও দর্শক ডিজিটাল মাধ্যমে বৈধভাবে তা কিনতে পারবেন। এর সঙ্গে যুক্ত হবে বাংলাদেশের গান৷ একই ওয়েবসাইটে আন্তর্জাতিক শিল্পীদের পাশাপাশি বাংলাদেশি শিল্পীরা তাঁদের নিজেদের গান তুলে ধরতে পারবেন বিশ্ববাজারের জন্য৷ এমজ্যামস মিউজিককে বাংলাদেশি শ্রোতাদের কাছে আনছে মোবিমিডিয়া এবং শীর্ষ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সনি মিউজিক৷ এমজ্যামস মূলত মুঠোফোন বা ইন্টারনেটে গান শোনার একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন।
মোবিমিডিয়ার আঞ্চলিক প্রধান ক্যামেরন জ্যাকসন জানান, এখানকার সংগীতপ্রেমীরা সবার আগে মানসম্পন্ন গান পাবেন। এখানে রয়েছে সনি মিউজিক লাইব্রেরি ও ওয়ার্নার মিউজিকের কয়েক লাখ জনপ্রিয় গানের ভান্ডার৷ ইংরেজি গানের পাশাপাশি সনি মিউজিক ইন্ডিয়ার নামে হিন্দি গানও থাকবে এখানে৷ গান শোনার সঙ্গে শিল্পীদের ছবি, মিউজিক ভিডিও, রিং ব্যাক টোন পাওয়া যাবে। এর সঙ্গে থাকবে গান নামানোর সুবিধাও।
মোবিমিডিয়া ও এমজ্যামসের যোগাযোগ সমন্বয় প্রতিষ্ঠান কুকিজারের পক্ষে ইমরান মাহমুদ বলেন, ‘বাংলাদেশি সংগীতকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় সুযোগটি করে দিতে যাচ্ছে এমজ্যামস৷’