বাংলাদেশে তথ্য সুরক্ষা দিবস পালিত
ভার্চুয়াল জগতে নিজের অজান্তেই অনেক তথ্য চলে যায় বিভিন্ন প্রান্তে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে ইন্টারনেটে যুক্ত হওয়া বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহূত হয় পণ্য হিসেবে। এ ব্যক্তিগত তথ্য বাণিজ্যিকীকরণ বিষয়ে সচেতনতা জরুরি। আবার তথ্যের অপব্যবহারও হয়। এ জন্য প্রয়োজন অবাধে বিভিন্ন জায়গায় নিজের ব্যক্তিগত তথ্য ছড়িয়ে যাওয়ার ব্যাপারে সচেতন থাকা। গতকাল মঙ্গলবার বাংলাদেশে আন্তর্জাতিক তথ্য সুরক্ষা দিবসের আয়োজনে এ আহ্বান জানানো হয়।
দিবসটি উপলক্ষে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মজিলা ফাউন্ডেশনের বাংলাদেশ শাখা বিশেষ আয়োজন করে। এতে মজিলা বাংলাদেশের প্রতিনিধি (রেপস) আশিকুর রহমান ও সদস্য রিফাজ নাহিয়ান ফায়ারফক্সের ‘লাইটবিম’ অ্যাড-অনসের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ অ্যাড-অনসের সাহায্যে কীভাবে তৃতীয় কোনো পক্ষ ব্যবহারকারীর তথ্য নিতে পারে বা নিচ্ছে, সে বিষয়ে জানানো হয়। অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফায়ারফক্স শিক্ষার্থী দূত (এফএসএ) রফিকুল আলম খান, মিজানুর রহমানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মজিলা বাংলাদেশের চট্টগ্রাম শাখার উদ্যোগে একই রকম আয়োজন আজ চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতেও অনুষ্ঠিত হবে। এতে ইন্টারনেটে নিরাপত্তা, সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা ও আলোচনা করা হবে।
ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশন (এফওএসএস)। আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান তৌহিদ ভূঁইয়া, এফওএসএস বাংলাদেশের স্বেচ্ছাসেবী সদস্য সোহেল শাহেদ, সগীর হোসাইন খান, মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদারসহ অনেকে। আলোচনায় অংশগ্রহণকারীদের ইন্টারনেট জগতে নিজেদের তথ্যগুলোকে গুছিয়ে রাখার এবং শেয়ার করার সময় বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে সতর্কতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ওপেন বা পাবলিক নেটওয়ার্ক ব্যবহার করে ওয়েব ব্রাউজ করার সময় বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়।—নুরুন্নবী চৌধুরী