বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ কর্মী রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এশিয়ার অন্যতম বড় প্রযুক্তির আসর কমিউনিক এশিয়ায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো নিয়মিত যেভাবে অংশ নিচ্ছে তা প্রমাণ করে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ কর্মী রয়েছে। তেমন অনেক আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানও রয়েছে বাংলাদেশে।’ সিঙ্গাপুরে গত বৃহস্পতিবার কমিউনিক এশিয়া মেলার তৃতীয় দিন বিকেলে বাংলাদেশি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস আয়োজিত নেটওয়ার্কিং সম্মেলনে অংশ নিয়ে সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান এসব কথা বলেন। প্রযুক্তি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে বাংলাদেশের নীতিনির্ধারকদেরও তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ততা জরুরি বলে মনে করেন তিনি।

রিভ সিস্টেমসের এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এম রেজাউল হাসান, পরিচালক মুন্নজান নার্গিস, পরিচালক (বৈশ্বিক বিপণন) সনজিৎ চ্যাটার্জি, বৈশ্বিক বিক্রয়ের প্রধান রায়হান হোসেন, অগ্নি সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, ওরাকল বাংলাদেশের টেরিটরি ব্যবসায় ব্যবস্থাপক মো. আবু তারেক, ব্রিটিশ টেলিকমের কারিগরি হিসাব ব্যবস্থাপক নাজমুল খান, উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আমিন, টেলেক্স লিমিটেডের হেড অব ক্যারিয়ার রিলেশনস মো. শাহাদাত উল্লাহ, দেশ টেলিকমের প্রধান নির্বাহী মো. সাজ্জাদ হোসেন খান, উইন্ডমিল ইনফোটেকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম রিয়াজউদ্দিন মোশারফ, তথ্যপ্রযুক্তি সাময়িকী মাসিক কমপিউটার বিচিত্রার ভূঁইয়া ইনাম লেনিনসহ অনেকে।

নানা আয়োজন আর উল্লেখযোগ্য প্রযুক্তি পণ্য প্রদর্শনীর মধ্য দিয়ে গত শুক্রবার শেষ হয়েছে চার দিনের ‘কমিউনিক এশিয়া ২০১৩’। সিঙ্গাপুরের মেরিনাবে ও সানটেক সিটিতে অনুষ্ঠিত এ মেলার শেষ দিনেও ছিল একাধিক সেমিনার ও কর্মশালা। এ আয়োজনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল। প্রযুক্তি দেখানো হয়েছে স্মার্টজোন, টেকজোন, ই-গভ টেক জোন, অ্যাপস্মার্ট টেকজোন, ফাইবার ফর নেক্সটজোন ইত্যাদি ভাগে ভাগ করে। —নুরুন্নবী চৌধুরী, সিঙ্গাপুর থেকে