বাংলাদেশে তৈরি হবে জেট ইঞ্জিন!

আকাশে বিমান উড়তে দেখে আমাদের অনেকের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে, এত বড় আর ভারী একটি বস্তু কী করে অনায়াসে আকাশে ওড়ে? কী আছে এতে? উত্তরটা দেবে বিজ্ঞান—এর গঠনটাই যে এমন! কীভাবে তৈরি হয় জেট ইঞ্জিন? ৩ জুলাই রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সেমিনার হলে অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিয়ে এক সেমিনারে তা িকছুটা খোলাসা করেন তাসনিক খান। তাসনিক কানাডার কনফেডারেশন কলেজ অব অ্যাপ্লাইড আর্টস থেকে সম্প্রতি এই বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন।
সেমিনারে তাসনিককে পরিচয় করিয়ে দেন আইইউবির রেজিস্ট্রার তানভীর আহমেদ খান। মঞ্চে এসে তাসনিক প্রথমেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করেন আলোচনা। বিমান কী করে বানাতে হয়, কী কী পার্টস লাগে—এসব ব্যাপারে উপস্থিত দর্শকদের ধারণা দেন। এ জন্য চাইলে পুরান ঢাকার ধোলাইখালে গিয়ে হাতেকলমে যন্ত্র তৈরির কাজ দেখে আসার পরামর্শ দেন তিনি। তাসনিক জানান, বিমান তৈরি করতে যে কাঁচামাল লাগে, সেগুলো পৃথিবীর উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে অনেক সস্তা। এ জন্য তিনি এ দেশেই একটি জেট ইঞ্জিন বানাতে চান। এই কাজে তাঁকে সহযোগিতা করার জন্য এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরীক্ষার মাধ্যমে দুজন যোগ্যতম শিক্ষার্থীকে বেছে নেবেন বলে জানান। এই প্রজেক্টের সব কাজ তাসনিকের নিজস্ব পরীক্ষাগারেই সম্পন্ন হবে। কাঁচামাল ও প্রয়োজনীয় যন্ত্রাংশের খরচ নিজের পকেট থেকেই দেবেন তাসনিক, আর বাকিটা আসবে তাঁর কলেজের অর্থায়ন থেকে। আর, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগকে এক করে নতুন একটা বিভাগ খোলা যায় কি না, যেখানে সেমিনারে আলোচ্য বিষয়ের ওপর পড়ানো হবে—এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে বলেও জানান তিনি।
তাসনিকের বয়স মাত্র ২৩ বছর। এরই মাঝে তিনি বাংলাদেশ ফ্লায়িং অ্যাকাডেমি থেকে পেয়েছেন প্রাইভেট ফ্লায়িং লাইসেন্স। তিনি এ লেভেল সম্পন্ন করেন ২০১০ সালে। এরপর ২০১১ সালের সেপ্টেম্বরে আইইউবিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ালেখা শুরু করেন। ২০১৩ সালে সেখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে কানাডার কনফেডারেশন কলেজে পড়তে যান। ফলে দুই বছরের কোর্স এক বছরেই সম্পন্ন হয়। দেশে এসে তিনি এই বিষয়ে দেশের শিক্ষার্থীদের সচেতনতা ও আগ্রহ বাড়াতে চান।