বাংলাদেশে বিশ্বের সর্ববৃহৎ ওয়েবপোর্টাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সর্ববৃহৎ ওয়েবপোর্টাল। আগামীকাল এই সাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ছবি: প্রথম আলো
বিশ্বের সর্ববৃহৎ ওয়েবপোর্টাল। আগামীকাল এই সাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ছবি: প্রথম আলো

বিশ্বের সর্ববৃহৎ ওয়েবপোর্টাল উদ্বোধন করা হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ গভ ডট বিডি (www.bangladesh.gov.bd) নামের এই ওয়েবসাইট আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

সরকারের বিভিন্ন সংস্থার প্রায় ২৫ হাজার ওয়েবসাইটের সমন্বয়ে গঠিত এই ওয়েবপোর্টালকে ডাকা হচ্ছে ‘বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন’ নামে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্প এ উপলক্ষে আজ রোববার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের প্রধানদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে। মতবিনিময় সভায় বিভিন্ন পত্রিকার সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকেরা তাঁদের মতামত তুলে ধরেন। আগামীকাল দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই ওয়েবসাইটের উদ্বোধন করবেন।
অনুষ্ঠানের শুরুতে ওয়েবপোর্টালের অন্তর্ভুক্ত বিভিন্ন দিক তুলে ধরেন অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার। তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি—এই ওয়েবপোর্টালটি বিশ্বে সর্ববৃহৎ। কারণ, এখানে ৬১টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৪৫টি অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়নসহ মোট ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে গঠিত।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, এই ওয়েবপোর্টালের তথ্য সংগ্রহ করতে আড়াই বছর লেগেছে। লাল ফিতার দৌরাত্ম্য ও দুর্নীতি কমিয়ে জনসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের ওয়েবপোর্টাল করা হয়েছে। এ জন্য সরকারের শীর্ষ জায়গা থেকে সরকারি কর্মকর্তাদের মনোভাব পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে।
তথ্যসচিব মর্তুজা আহমদ বলেন, বাংলাদেশে তথ্য ও প্রযুক্তি খাতে নীরব বিপ্লব ঘটে গেছে। এ ধরনের ওয়েবসাইট জাতি গঠনে বিরাট ভূমিকা পালন করবে।
ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘বর্তমানে চালুকৃত এই ওয়েবসাইটে দেখা গেছে অসংখ্য বানান ভুল ও তথ্য আপডেট নেই। তাই ওয়েবপোর্টালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিয়মিত আপডেট করা। এটা নিয়মিত আপডেট ও বানান সংশোধন করা না হলে কেউ এখানে ঢুকবে না।’
এটিএন নিউজের সহযোগী প্রধান বার্তা সম্পাদক প্রভাষ আমীন বলেন, ‘সঠিক তথ্যের জন্য আমরা যদি এই ওয়েবপোর্টালের ওপর নির্ভর করতে না পারি, তাহলে এখানে কেউ ঢুকবে না।’ তিনি এই ওয়েবপোর্টালে বিভিন্ন গ্রন্থাগার, নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষামূলক ওয়েবসাইটের লিংক দেওয়ার আহ্বান জানান।
একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী সামিয়া জামান বলেন, ‘এটা শুধু সরকারি উদ্যোগ নয়, জাতীয় উদ্যোগ। তাই জাতীয়ভাবে এটাকে পরিচিতি দিতে হবে। তাহলে এ বিষয়ে কোনো প্রশ্ন উঠবে না।’
বক্তাদের বিভিন্ন অভিযোগের বিষয়ে অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার বলেন, ‘আমরা খোলা মনে কাজ করছি। শুরুটা করেছি, যথাসাধ্য চেষ্টা করব সবকিছু ঠিকঠাক চালাতে।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর গণমাধ্যম-বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক রাহাত খান, দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি হাবিবুর রহমান মিলন।