মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল, ঢাকা
বিরাম চিহ্ন অংশ-১৭
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনর্লিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
৪৯.
বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সে সব স্থানের নাম তোমরা হয়তো জানো যেমন ময়নামতি মহাস্থানগড় পাহাড়পুর এগুলোর কোনোটি হয়তো তুমি দেখেও থাকবে সেগুলো সবই মাটির ওপরে ঢিবির আকারে তাই সহজে দূর থেকেই দেখা যায় কিন্তু এ দেশে মাটির নিচে রয়ে গিয়েছিল এক প্রাচীন নগর সভ্যতা।
উত্তর: বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। সে সব স্থানের নাম তোমরা হয়তো জানো, যেমন—ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুর। এগুলোর কোনোটি হয়তো তুমি দেখেও থাকবে। সেগুলো সবই মাটির ওপরে, ঢিবির আকারে, তাই সহজে দূর থেকেই দেখা যায়। কিন্তু এ দেশে মাটির নিচে রয়ে গিয়েছিল এক প্রাচীন নগর সভ্যতা।
৫০.
উয়ারী বটেশ্বর এলাকার মাটির নিচটিকে একটি নগর হিসেবে ধরা যেতে পারে এটি দুর্গ হিসেবে গড়ে তোলা হয়েছিল যাকে আবার রাজধানী হিসেবেও বিবেচনা করা যায় প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য প্রস্থের আয়তনের এই দুর্গ নগরটি ছিল নানা দিক থেকে বিশিষ্ট খুব পাকা প্রকৌশলীরা এটি গড়ে থাকবেন।
উত্তর: উয়ারী বটেশ্বর এলাকার মাটির নিচটিকে একটি নগর হিসেবে ধরা যেতে পারে। এটি দুর্গ হিসেবে গড়ে তোলা হয়েছিল যাকে আবার রাজধানী হিসেবেও বিবেচনা করা যায়। প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য-প্রস্থের আয়তনের এই দুর্গ-নগরটি ছিল নানা দিক থেকে বিশিষ্ট। খুব পাকা প্রকৌশলীরা এটি গড়ে থাকবেন।
৫১.
তখন কেবল সূর্য উঠছে পূর্ব দিগন্তে লাল সূর্য এ রকম একটা মুহূর্তে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে এভারেস্টের শীর্ষে উড়িয়ে দিলেন এক তরুণ নাম তার মুসা ইব্রাহিম সেই প্রথম কোনো বাংলাদেশির এভারেস্ট বিজয় দিনটা ছিল ২৩ মে, ২০১০ সাল সময় ভোর ৫টা ৫৫ মিনিট
উত্তর: তখন কেবল সূর্য উঠছে, পূর্ব দিগন্তে লাল সূর্য। এ রকম একটা মুহূর্তে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে এভারেস্টের শীর্ষে উড়িয়ে দিলেন এক তরুণ। নাম তার মুসা ইব্রাহিম। সেই প্রথম কোনো বাংলাদেশির এভারেস্ট বিজয়। দিনটা ছিল ২৩ মে, ২০১০ সাল। সময় ভোর ৫টা ৫৫ মিনিট।
৫২.
মুসা তো অবাক কত উঁচু গম্ভীর স্তব্ধ এই পাহাড় বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল কিন্তু ওই পাহাড় শীর্ষে ওঠার কথাটা ভাবা যত সহজ বাস্তবে ওঠা তো তত সহজ নয় বড় হয়ে এ কথা বুঝতে তার এতটুকু কষ্ট হয়নি কিন্তু স্বপ্ন না থাকলে মানুষ বড় হবে কী করে অজানাকে জয় করবে কী করে।
উত্তর: মুসা তো অবাক! কত উঁচু, গম্ভীর, স্তব্ধ এই পাহাড়! বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল। কিন্তু ওই পাহাড়-শীর্ষে ওঠার কথাটা ভাবা যত সহজ, বাস্তবে ওঠা তো তত সহজ নয়। বড় হয়ে এ কথা বুঝতে তার এতটুকু কষ্ট হয়নি। কিন্তু স্বপ্ন না থাকলে মানুষ বড় হবে কী করে? অজানাকে জয় করবে কী করে?
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল