বাংলাদেশে ম্যাট উয়েরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে তো অনেকেই আসে। পর্যটক আসে, শীতকালে অতিথি পাখি আসে, ভারত থেকে গরু আসে, আরবের মরু থেকে রেমিট্যান্স আসে—আসে আরও কত কী! কিন্তু বিদেশ থেকে কার্টুনিস্ট খুব বেশি আসেন না। সেই বিরল ঘটনাটি ঘটেছে কদিন আগে। পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত কার্টুনিস্ট ম্যাট উয়েরকার এসেছিলেন বাংলাদেশে। রস+আলোর বাহিনীসহ দেশের কার্টুন সম্প্রদায়ের আপামর কার্টুনিস্টদের সঙ্গে মতবিনিময়, কর্মশালাই ছিল তাঁর আগমনের মূল উদ্দেশ্য। এত দিন বাংলাদেশের কার্টুন সম্পর্কে তাঁর তেমন কোনো ধারণা ছিল না। কিন্তু এখানে এসে তিনি বুঝলেন, বাংলাদেশের কার্টুন অনেক এগিয়ে গেছে। ম্যাট নিজেও তা-ই বললেন। তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত পলিটিকো পত্রিকার কার্টুনিস্ট। কার্টুন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি পুলিৎজার পুরস্কারও পেয়েছেন। অথচ তাঁর আঁকা কার্টুন প্রথম পাতায় ছাপা হয় না! তাঁর কার্টুনগুলো থাকে ভেতরের পাতায়। কিন্তু বাংলাদেশের অনেক দৈনিক পত্রিকাতেই প্রথম পাতায় বড় করে কার্টুন থাকে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চেয়েও এগিয়ে আছে বাংলাদেশের পত্রিকাগুলো। এখানেই শেষ নয়, ম্যাট উয়েরকার এখনো হাতেই কার্টুন আঁকেন। কিন্তু আমাদের দেশের অধিকাংশ কার্টুনিস্টই অনেক আগেই ডিজিটাল হয়ে গেছেন, ফটোশপে কার্টুন রং করেন। এসব বিষয়ে কর্তৃপক্ষের কোনো নজরই নেই। নইলে ম্যাট উয়েরকার নয়, পুলিৎজার পেতেন বাংলাদেশের কোনো কার্টুনিস্ট। আসলে কার্টুন দিয়েই যে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করা যায়, এ ব্যাপারটি নিয়ে কেউ ভাবছেই না। তাই কার্টুনকে আরও ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দিতে কর্তৃপক্ষের উচিত কার্টুনের প্রতি গুরুত্ব দেওয়া। অনেক কঠিন কঠিন বিষয় আছে, যা মানুষ অনেকবার পড়েও বুঝতে পারে না, যেমন বাজেট ঘোষণা। যেখানে একটা কার্টুন দিয়েই পুরো ব্যাপারটা বোঝানো যায়, সেখানে এত কথা লেখার দরকার কী? তা ছাড়া কার্টুনে বাংলাদেশ আরও উন্নতি করলে বিভিন্ন দেশ থেকে কার্টুন আঁকা শিখতে মানুষ আসবে বাংলাদেশে। দেখতে আসবে কার্টুনের প্রদর্শনী। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে সচল হবে দেশের অর্থনীতির চাকাও। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে বিবেচনা করবে।