বাংলাদেশেও সাইবার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে আলোচিত সাইবার হামলার প্রভাব বাংলাদেশেও পড়েছে। দেশে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৩০-৪০টির মতো পার্সোনাল কম্পিউটার (পিসি) আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসব পিসির ফাইলে ঢোকা যাচ্ছে না। সেখানে ঢুকতে গেলে অর্থ দাবি করা হচ্ছে। এ পর্যন্ত এই হামলায় অন্তত ১৫০টি দেশে আক্রান্ত কম্পিউটারের সংখ্যা দুই লাখের বেশি।

এ বিষয়ে নেটওয়ার্ক বিশেষজ্ঞ সুমন আহমেদ প্রথম আলোকে বলেন, বাংলাদেশে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত কম্পিউটারে র‍্যানসমওয়্যার আক্রমণ করেছে। আক্রান্ত অনেক প্রতিষ্ঠান নিজের নাম প্রকাশ করতে চায় না। তিনি বলেন, যদি কোনো পিসিতে আক্রমণ হয়, তবে অর্থ দেওয়া যাবে না। আশঙ্কার কথা হচ্ছে, গত দুই দিনে র‍্যানসমওয়্যারটির দুটি নতুন সংস্করণ ছড়িয়েছে। যাঁরা উইন্ডোজ এক্সপি ব্যবহার করছেন, তাঁরা বেশি ঝুঁকিতে রয়েছেন। উইন্ডোজ ৭ ব্যবহারকারীদের নিরাপত্তা প্রোগ্রাম হালনাগাদ করে নিতে হবে। অপরিচিত কোনো উৎস থেকে আসা মেইলের সংযুক্ত ফাইলে ক্লিক করা যাবে না।

অ্যান্টিভাইরাস সফটওয়্যার ক্যাসপারস্কির দেশি পরিবেশক অফিস এক্সট্রাক্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার বলেন, বাংলাদেশের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পিসিতে র‍্যানসমওয়্যার আক্রমণ করেছে। পিসির সংখ্যা ৩০-৪০টি হতে পারে। এটি বিশ্বের অন্যতম বড় সাইবার হামলার ঘটনা, আক্রান্ত পিসির সংখ্যা বাড়তে পারে। তিনি যেকোনো ফাইল নামানোর আগে তার উৎস সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এশিয়ান টিভির ১২টি কম্পিউটার র‍্যানসমওয়্যার আক্রান্ত হয়েছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কারিগরি বিভাগের প্রধান পারভেজ চৌধুরী।

 কম্পিউটারে বা মোবাইলে ক্ষতিকর প্রোগ্রামের লিংকসহ আসা ই-মেইলকে ম্যালওয়্যার বলা হয়। এই ম্যালওয়্যার ফাইল খুলতে বাধা দিলে এবং অর্থ দাবি করলে সেটা র‍্যানসমওয়্যার নামে পরিচিত। শুক্রবার এই র‍্যানসমওয়্যারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলা শুরু হয়।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ন্যাশনাল ডেটা সেন্টারের পরিচালক তারেক বরকত উল্লাহ প্রথম আলোকে বলেন, বাংলাদেশের সরকারি পর্যায়ে সার্ভারের অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স ব্যবহৃত হওয়ায় সব সিস্টেম নিরাপদে আছে। আক্রমণ হয়েছে উইন্ডোজ সফটওয়্যারচালিত কম্পিউটারে।

তারেক বরকত উল্লাহ আরও বলেন, র‍্যানসমওয়্যার নিয়ে সচেতনতা বাড়াতে গতকাল সোমবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে বিশেষ সভা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ সাইবার ইমারজেন্সি রেসপন্স টিম (সার্ট) এমন হামলা ঠেকাতে করণীয় বিষয়ে তথ্য প্রকাশ করেছে। এ বিষয়টি সার্টের ওয়েবসাইটে জানা যাবে।

বিশ্বজুড়ে এই সাইবার হামলাকে বিভিন্ন দেশের সরকারের জন্য একটি সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছে বিশ্বের বৃহত্তর সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন। তারা সামনে আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছে।