
শুধু নিজের লোকালয় কিংবা দেশ নয়, ভাবতে হবে সারা বিশ্বের মানুষের কথা। সবার সমস্যার কথা সবাই মিলে চিন্তা করতে হবে, আর সে সমস্যার সৃজনশীল সমাধান দিতে হবে মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরি করে। এই বিষয় মাথায় রেখেই ২০১২ সালে শুরু হয় ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’। আয়োজক যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
বিশ্বের বিভিন্ন শহরে একই সময়ে অনুষ্ঠিত হয় প্রাথমিক বাছাই পর্ব। এবার এ প্রতিযোগিতার চতুর্থ আয়োজনে প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বাছাই পর্ব। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহযোগিতায় ১০ ও ১১ এপ্রিল ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে (আইআইইউসি) চলে টানা প্রতিযোগিতা। ঢাকায় ৩৬টি ও চট্টগ্রামে ১৬টি দল অংশ নেয়। ঢাকায় চ্যাম্পিয়ন হয়েছে আইইউবি কোয়ার্কস ও চট্টগ্রামে টি-স্কয়ার দল। রানারআপ হয়েছে যান্ত্রিক ক্লিন ওয়াটার ও কম্বো কোডার দল। বিজয়ী এই চারটি দলই নিউইয়র্কে অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। বিজয়ী চার দলের চার অ্যাপ নিয়ে এবারের প্রতিবেদন।
আইইউবি কোয়ার্কস
নদীমাতৃক দেশ হওয়ায় আমাদের দেশে হয়তো খাওয়ার পানির সংকট খুব একটা নয়, তবে আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে পানির জন্য হাহাকার লেগে থাকে সারা বছর। কোথায় পানীয় জল আছে, কিংবা কোথায় ভূগর্ভের পানি সুপেয়, তা জানার পর যদি তা কোনো মানচিত্রে চিহ্নিত করে রাখা যায়, তবে পরবর্তী সময়ে মানুষ অন্তত পাবে পানির খোঁজ। পানীয় জলের এই মানচিত্র তৈরির কাজটি করেছে আইইউবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের চার শিক্ষার্থী ফাহিম জামান, সায়েম চাকলাদার, মনিরুল ইসলাম, এ কে এম জুনায়েদ আলম। তাঁদের দল আইইউবি কোয়ার্কসের তৈরি অ্যাপ ‘গ্লোবাল ক্লিন ওয়াটার ম্যাপার’ ঢাকা পর্বে প্রথম হয়েছে।
মুঠোফোনে সায়েম চাকলাদার জানালেন, ‘আমাদের এই প্রকল্পের দুটি অংশ। এটি মুঠোফোন ও ডেস্কটপ কম্পিউটার ভিত্তিক অ্যাপ। মোবাইল অ্যাপের কাজ হলো কোথায় পানি পাওয়া যাচ্ছে তা মানচিত্রে গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মাধ্যমে নির্ধারণ করে দেওয়া। পরবর্তী সময়ে সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান, যারা খাওয়ার পানি নিয়ে কাজ করছে, তারা ওই পানির উৎসে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে যদি নিরাপদ মনে করে তো কেন্দ্রীয় ডেটাবেইসে সংরক্ষণ করবে। ডেস্কটপ অ্যাপ সেই সংগৃহীত ডেটা প্রক্রিয়া করে পরবর্তী সময়ে গুগল ম্যাপে চিহ্নিত করে দেবে।’
যান্ত্রিক ক্লিন ওয়াটার
একই সমস্যা নিয়ে কাজ করেছে যান্ত্রিক টেকনোলজিসের দল যান্ত্রিক ক্লিন ওয়াটার। পৃথিবীর কোথায় খাওয়ার পানির উৎস আছে, তা যেমন দেখাবে, কী পরিমাণে আছে, তা-ও দেখাবে তাদের প্রকল্প ‘ইন-সার্চ-ফর-পোট্যাবল-ওয়াটার-রিসোর্সেস’। এ ছাড়া নাসার কৃত্রিম উপগ্রহের তথ্য ব্যবহার করে কোনো নির্দিষ্ট এলাকার বৃষ্টির ধরন এবং পরিমাণ বের করে দরকারি নির্দেশনা দেবে। দলটির সদস্য আদিল হাসান জানালেন, ‘কোথাও হয়তো পানি সরাসরি ব্যবহার করা না গেলেও প্রক্রিয়া করে পান করা যায়। আবার কোথাও কোথাও বৃষ্টির পানি সংরক্ষণ করে পান করার রীতি আছে। আমাদের পরিকল্পনায় দুটি অংশ-ওয়েবভিত্তিক এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা এই তথ্যগুলো উপস্থাপন করতে চাই।’
যান্ত্রিক ক্লিন ওয়াটার দলে মোট সদস্য সাতজন। মাইনুল ইসলামের নেতৃত্বে অ্যাপের ধারণা নিয়ে কাজ করেছেন আদিল হাসান ও মেহেদী হাসান, অ্যাপ উন্নয়নে দায়িত্বে ছিলেন নাফিজ আবরার, মো. হাসান ইব্রাহীম ও মোহাইমিনুল ইসলাম এবং গ্রাফিক ডিজাইন করেছেন শরীফ হোসেন খান।
টি-স্কোয়ার
গত বছর চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন অনুযায়ী যানজটে শুধু বেইজিংয়ে প্রতিবছর ক্ষতির পরিমাণ এক হাজার ১৩০ কোটি ডলার। পৃথিবীর ব্যস্ততম শহরগুলোর চিত্র মোটামুটি একই। এই সমস্যা নিয়ে কাজ করেছে আইআইইউসির টি-স্কোয়ার দল। আশপাশে দুই কিলোমিটারের মাঝে যানজটের বর্তমান অবস্থা জানাবে অ্যাপটি। ফলে আগেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন রাস্তা দিয়ে যেতে হবে। আশপাশে পরিচিত অন্য কেউ আছে কি না, তা জানা যাবে অ্যাপের মাধ্যমে। কোনো গন্তব্যে পৌঁছাতে বিকল্প সংক্ষিপ্ত রাস্তাও দেখাবে। আর সবই হবে জিপিএসের মাধ্যমে। চট্টগ্রামে তাঁরা প্রথম হয়েছেন। তৌসিফ খানের নেতৃত্বে দলটিতে আছেন জেসমিন মো. জেবারুল হক ও শাফায়েত হাসান। সবাই আইআইইউসির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পড়েন।
কম্বো কোডার
ফসলে রোগ প্রশ্রয় দেওয়ার সুযোগ যেখানে একদমই নেই। এই কাজটি করেছেন কম্বো কোডার দলের সদস্যরা। কৃষকেরা তাঁদের নিজ নিজ অবস্থানের ওপর ভিত্তি করে ফসলের রোগ-সম্পর্কিত তথ্য অ্যাপের মাধ্যমে জানাতে থাকবেন। যেগুলো জমা হবে মূল সার্ভারে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে ওই এলাকায় ফসলের রোগ-সম্পর্কিত অভিজ্ঞ মতামত জানানো হবে। রোগের সংক্রমণ হলে ছবিসহ নিরাময়ের সম্ভাব্য পদ্ধতিও জানানো হবে তাঁদের। ভবিষ্যতে রোগ নির্ণয়ের পদ্ধতিও যোগ করবেন বলে জানালেন দলনেতা মো. আবদুল্লাহ-আল-হামদান। মূলত অ্যাপটি তৈরির জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জড়ো হয়েছিলেন তাঁরা। দলের সদস্যরা হলেন চট্টগ্রামের ইমপেক কলেজ অব টেকনোলজির মো. আবদুল্লাহ-আল-হামদান ও মোহাম্মদ ওমর ফারুক, পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. সানজিদুল কবির ও মো. নাজমুল ইসলাম এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. রশিদুল আমিন।