বাংলাদেশের চার ব্রোঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাবিব মো. রশিদ, বৃষ্টি শিকদার, হাসিব আল মোহাইমিন , তন্ময় মল্লিক
লাবিব মো. রশিদ, বৃষ্টি শিকদার, হাসিব আল মোহাইমিন , তন্ময় মল্লিক

আবারও সাফল্যের হাসি হাসল বাংলাদেশি চার শিক্ষার্থী। সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে তাঁরা জিতেছেন ব্রোঞ্জ পদক। ব্রোঞ্জজয়ী এই চারজন হলেন খুলনা এমএস সিটি কলেজের হাসিব আল মোহাইমিন, যশোর বিএফ শাহিন কলেজের লাবিব মো. রশিদ, চট্টগ্রাম গ্রামার স্কুলের বৃষ্টি শিকদার ও সদ্য বুয়েটে ভর্তি হওয়া তন্ময় মল্লিক। প্রতিযোগিতাটি ছিল কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে। যাতে অংশ নেন চীন, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভারতসহ এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে ২৯টি দেশের ৬১৯ জন শিক্ষার্থী। যাঁদের সবাই প্রাক-বিশ্ববিদ্যালয় পড়ুয়া। প্রোগ্রামিং প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় কাজাখস্তানে ৩ ও ৪ মে। ব্রোঞ্জজয়ী এই চার শিক্ষার্থী ১৩–২১ জুলাইয়ে অংশ নিতে যাচ্ছেন তাইওয়ানে অনুষ্ঠেয় ২৬তম আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে (www.ioinformatics.org)।
প্রতিযোগিতার ধরন সম্পর্কে বলছিলেন হাসিব আল মোহাইমিন, প্রতিযোগিতাটি অনলাইনভিত্তিক। যেখানে তিনটি বিষয়ের গাণিতিক সমাধান করতে হয়। প্রতিটি বিষয়ের জন্য থাকে আলাদা আলাদ নম্বর। প্রতিযোগিতায় মোট ৩০০ নম্বর দেওয়া হয় প্যালিনড্রোম, সিকোয়েন্স, বিডসÑএই তিনটি বিভাগে। আর বিজয়ীদের জন্য পদক থাকে তিনটি—সোনা, রুপা ও ব্রোঞ্জ। এ বছর মোট ১০১ জন শিক্ষার্থী এই তিনটি পদকের জন্য নির্বাচিত হন। এর মধ্যে সোনা জিতেছেন ১৫ জন, রুপা ৩৩ জন আর ব্রোঞ্জ ৫৩ জন। বাংলাদেশ থেকে এ বছর মোট ছয়জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এঁদের অনেকেরই অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক কিংবা দেশীয় ইনফরমেটিকস অলিম্পিয়াডে অংশ নেওয়ার। যেমনটি হাসিব আল মোহাইমিন, লাবিব মো. রশিদ, বৃষ্টি শিকদার গত বছর অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডে। নিজের অনুভূতি জানাতে গিয়ে বৃষ্টি শিকদার বলেন, ‘স্বীকৃতিপ্রাপ্তি সব সময়ই আনন্দের। অনেক ভালো লাগছে।’ তাঁর সঙ্গে যোগ করেন লাবিব মো. রশিদ, ‘এই স্বীকৃতি আমাদের অনুপ্রেরণা জোগাবে । আমরা এবার আরও ভালো করতে চাই।’
ইনফরমেটিকস অলিম্পিয়াড প্রতিযোগিতার সময় থাকে পাঁচ ঘণ্টা । যদিও বলা হচ্ছে দুই দিন, সেই বিষয়টি খোলাসা করে জানাচ্ছিলেন তন্ময় মল্লিক, দুই দিন আসলে নির্দিষ্ট সময়সীমা। এই দুই দিনের মধ্যে প্রতিযোগী নিজের ইচ্ছামতো যেকোনো পাঁচ ঘণ্টা সময় বেছে নিতে পারে। তবে এই পাঁচ ঘণ্টার মধ্যে কোনো বিরতি থাকবে না।
প্রোগ্রামিংয়ে আগ্রহীরা এ রকম বিভিন্ন আয়োজনের হালনাগাদ খবর জানতে যুক্ত থাকতে পারেন বাংলাদেশ ইফরমেটিকস অলিম্পিয়াডের ফেসবুক গ্রুপের (www.facebook.com/groups/bdoifamily) সঙ্গে।