বাংলাদেশের জন্য গুগলের বিপণন পরামর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাশমী রাফসানজানী
হাশমী রাফসানজানী

বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার বাংলাদেশের বিপণন পরামর্শক নিয়োগ দিয়েছে। সম্প্রতি বাংলাদেশে গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন হাশমী রাফসানজানী। বর্তমানে তিনি গুগল বিজনেস গ্রুপ (জিবিজি) সোনারগাঁওয়ের ব্যবস্থাপক হিসেবেও কাজ করছেন। এর আগে গুগল বাংলাদেশে কান্ট্রি কনসালট্যান্ট হিসেবে কাজী মনিরুল কবিরকে নিয়োগ দেয়। এখন ওই পদে আর কেউ নেই। বাংলাদেশে গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট হিসেবে এখন কাজ করছেন খান মো. আনোয়ারুস সালাম।
২৪ বছর বয়সী হাশমী রাফসানজানি এর আগে ডিজিটাল বিপণন এজেন্সি বুমেরাং ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া বিভাগের পরামর্শক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির ডেটা বিজনেস বিভাগের বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন। ঢাকায় অনুষ্ঠিত গুগল ফর এন্টারপ্রেনিয়রস উদ্যোগের সমন্বয়ক হিসেবেও কাজ করা হাশমী পেয়েছেন নানা পুরস্কার। গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত গুগল কমিউনিটি সম্মেলন এশিয়া সম্মেলনে জিবিজি সোনারগাঁওয়ের পক্ষ থেকে যোগ দিয়েছিলেন হাশমী এবং একটি প্রবন্ধও উপস্থাপন করেন।
বাংলাদেশের ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক হাশমী নতুন দায়িত্ব পাওয়ার পর গতকাল প্রথম আলোকে জানান, ‘আশা করছি নতুন এই দায়িত্ব নিয়ে ভালো কিছু করতে পারব।’ নুরুন্নবী চৌধুরী