বাংলাদেশের টানা পাঁচ সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখা: মো. সাইফুল্লাহ, ছবি: প্রথম আলো
লেখা: মো. সাইফুল্লাহ, ছবি: প্রথম আলো
.
.

টানা পাঁচটা সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। শুরু হয়েছিল জিম্বাবুয়েকে দিয়ে, মাঝখানে পাকিস্তান, ভারত আর দক্ষিণ আফ্রিকাকে নাকানিচুবানি খাইয়েছে আমাদের টাইগাররা। শেষটাও ওই জিম্বাবুয়ে। এতে আমরা খুশি। কিন্তু নিউটন বলে গেছেন, প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে আমরা আনন্দ করছি, কিন্তু ওখানে হেরে যাওয়া দলগুলো কী ভাবছে?
জিম্বাবুয়ে
একটা সময় ছিল, যখন আমরা হাসতে-খেলতে বাংলাদেশে আসতাম। দু-একটা ম্যাচ হয়তো বাংলাদেশ জিতেও যেত, কিন্তু কাপটা আমরাই তুলে ধরতাম আকাশের দিকে। আমরাই ম্যান অব দ্য ম্যাচ হতাম, আমরাই হতাম ম্যান অব দ্য সিরিজ। সংবাদ সম্মেলনে মাথা দুলিয়ে দুলিয়ে হাসতাম। বলতাম, ‘বাংলাদেশ উন্নতি করছে...কিন্তু আমরা বেটার দল!’

কিন্তু সেদিন গেছে। বাংলাদেশের বিপক্ষে এখন টাইট ফাইট দিয়েও আমরা পারি না। বাংলাদেশে সিরিজ হবে শুনলেই আমাদের চোখের সামনে হাজারো গর্জে ওঠা দর্শক আর ছুটে আসা বোলার আর মারকুটে সব ব্যাটসম্যানের কথা মনে আসে। আমরা এখন আর ঘুমাতে পারি না। মনে হয়, এই বুঝি সাকিব এগিয়ে এসে একটা ছক্কা মারল। এই বুঝি মাশরাফির বলে বোল্ড হয়ে গেলাম। আমাদের দুঃস্বপ্নের নাম এখন বাংলাদেশ। আমরা অচিরেই আমাদের ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করব, বাংলাদেশে আমাদের যত কম সম্ভব যেন ম্যাচ রাখা হয়। ওখানে যেতে হবে শুনলেই আমাদের হাঁটুকাঁপা রোগ শুরু হয়ে যায়।

পাকিস্তান
আমাদের কিছু বড় ভাইয়ের কথায় বাংলাদেশিরা এত মাইন্ড করবে, আমরা বুঝিনি। বড় ভাইদের বয়স হয়েছে, কখন কী বলে বসেন, তারও ঠিক নেই! কিন্তু তাতে এতই খেপে যেতে হবে যে একেবারে বাংলাওয়াশ? আর ওই আলিম দারটাও আছেন! কেন যে তিনি ও রকম সিদ্ধান্ত দিতে গেলেন বিশ্বকাপে! সিনিয়ররা ভুল করবেন আর তার খেসারত দিতে হবে আমাদের। এখন আমাদের সবার ক্যারিয়ার হুমকির মুখে। কেউ কেউ তো পদ হারিয়ে বিপদে। বলতে নেই, কিন্তু ওরা আমাদের র্যাঙ্কিংই শুধু কাড়েনি, কেড়ে নিয়েছে আমাদের আত্মবিশ্বাস। আশপাশে হঠাৎ কেউ বাংলায় কথা বলে উঠলে পিলে চমকে যায়। বাংলাদেশের ওই সিরিজটার কথা ভাবলেই ‘ম্যা ম্যা’ করে কাঁদতে ইচ্ছা করে শুধু...

ভারত
বাংলাদেশে আমাদের ম্যাচ খুবই কম পড়ে—এ নিয়ে আমাদের খেলোয়াড়দের মধ্যে আফসোস ছিল। আমাদের সবার বিরুদ্ধে অভিযোগ যে আমরা নাকি শুধু দেশের মাটিতেই ভালো খেলি। আমরা তাই মুখিয়ে ছিলাম বাংলাদেশে কখন খেলা পড়ে। কিন্তু আমরা ভাবি এক, হয় আরেক! বাংলাদেশ কোথা থেকে একটা লিকলিকে পাতলা সরল কচি মুখের ছেলেকে নিয়ে এল বল করাতে। সে প্রায় একাই আমাদের কুপোকাত করে ফেলল! না পেরে আমাদের গুরু তো তাকে কনুই দিয়ে ধাক্কাই মেরে দিল...কিন্তু তাতে টাইগাররা আরও তেতে গেল। কনুই মেরে মোস্তাফিজকে ম্যাচ থেকে বের করতে গিয়ে আমরাই কিনা বেরিয়ে গেলাম সিরিজ থেকে। দুঃখের কথা কী বলব, ওই সিরিজ হারের পর আমাদের বিজ্ঞাপনে কম ডাকা হয়। শুধু খেলোয়াড় নয়, কত কর্মকর্তাই যে কত রকমের বিপদে পড়েছেন, তা আর নতুন করে বলার নেই। চরম সংকটের মধ্যে আছি গো দাদা!

দক্ষিণ আফ্রিকা
প্রথমেই একটা বিষয় জানিয়ে দেওয়া দরকার, আমরা চিঠি দিয়ে ডেইল স্টেইনকে জানিয়ে দিয়েছি যে অন্তত বাংলাদেশে কোনো সিরিজ খেলতে যাওয়ার আগে যেন তার মুখে তালা দিয়ে রাখে। তবে ওই সিরিজটা সম্পর্কে আমাদের তেমন কিছু মনে নেই। আমরা প্রফেশনাল দল। অথচ ওই সিরিজের পর আমাদের বিভিন্ন খেলোয়াড়ের মধ্যে বিভিন্ন রকমের উন্মাদনা দেখা যায়। তারা গভীর রাতে ‘ট্যামিম-ট্যামিম!’, ‘সাওমো-সাওমো!’, ‘মুশি–মুশি!’, ‘স্যাকিব-স্যাকিব!’ বলে চেঁচিয়ে উঠত। ফলে আমাদের এক গভীর মনস্তাত্ত্বিক চিকিৎসার ভেতর দিয়ে যেতে হয়েছে। দলের ফিজিও তাঁর নিবিড় তত্ত্বাবধানে আমাদের নিয়ম করে ভুলে যাওয়ার ওষুধ খাইয়েছেন। ফলে আমরা এখন চাইলেও ওই সিরিজের কথা মনে করতে পারি না। তবে আমাদের টিম হোটেল থেকে আজও গভীর রাতে কেউ কেউ ‘ম্যাশ-ম্যাশ-ম্যাশ!’ বলে চিৎকার করে ওঠে। আমাদের ফিজিও বলেছেন, ‘ম্যাশ’ রোগের কোনো চিকিৎসা নেই!