বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রকল্প পরিদর্শনে আইডিবির প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মাদ আলী বাংলাদেশে আইডিবির তথ্যপ্রযুক্তি প্রকল্প পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার ঢাকায় আইডিবি ভবনে তিনি বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আইডিবি-বিআইএসইডব্লিউর তথ্যপ্রযুক্তি প্রকল্পটি ঘুরে দেখেন। এ সময় এই প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা তাঁদের তৈরি বিভিন্ন সফটওয়্যার প্রদর্শন করেন। আহমেদ মোহাম্মাদ আলী শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশে আইডিবি-বিআইএসইডব্লিউর এ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। আহমেদ মোহম্মাদ আলীকে তথ্যপ্রযুক্তি প্রকল্পের নানা দিক ব্যাখ্যা করেন বাংলাদেশে আইডিবি-বিআইএসইডব্লিউর প্রধান নির্বাহী নিয়াজ খান। শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে, অনলাইনে বইয়ের দোকান, বিমানের টিকিট কেনা, আবাসন ব্যবসা, হাসপাতাল কার্যক্রম পরিচালনা, মানবসম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি। আইডিবি সূত্র জানায়, ২০০৩ সাল থেকে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে উচ্চতর প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আইডিবি এ প্রকল্পটির অর্থায়ন করে আসছে। এ পর্যন্ত এ প্রকল্পের আওতায় প্রায় ২৪০০ স্নাতকধারী শিক্ষার্থী বিনা মূল্যে তথ্যপ্রযুক্তির বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে দুই হাজার ১৮৩ জন দেশে ও বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। আইডিবির প্রেসিডেন্ট এই প্রকল্প পরিদর্শন করার সময় কম্পিউটারের পর্দায় সরাসরি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম দেখেন। এ সময় আহমেদ মোহম্মাদ আলী ইন্টারনেটের মাধ্যমে এ প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। —মোছাব্বের হোসেন