বাংলাদেশের প্রকল্প পেল অ্যাপিকটা পুরস্কার

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইসিটি অস্কারখ্যাত ‘১৭তম অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ঢাকা–২০১৭’ আয়োজনে প্রথমবারের মতো শীর্ষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের একটি প্রকল্প। এ ছাড়া ১৪টি মেরিট বা সম্মানজনক পুরস্কার পেয়েছে বাংলাদেশ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে পর্দা নামল ‘অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ঢাকা-২০১৭’–এর। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো এ প্রতিযোগিতা।
অ্যাপিকটা আয়োজকদের সূত্রে জানা গেছে, ই-লার্নিং বিভাগে বাংলাদেশের টেন মিনিট স্কুল জিতেছে অ্যাপিকটা পুরস্কার। এ ছাড়া ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম, ব্লাইন্ড আই অ্যাপ, ট্রেনলাইনের ত্রুটি খোঁজার সিস্টেম, বায়োস্কোপ, রিটজ ব্রাউজার, স্মার্টসেলস, প্রিজম ইপিআর, রিভ অ্যান্টিভাইরাস, সিকিউওয়াল, বলতে চাই, অগমেডিক্স, বিনো, অটিজম বার্তা মেরিট পুরস্কার পেয়েছে। শীর্ষ পুরস্কার প্রাপ্তের খুব কাছাকাছি নম্বর হলে সে প্রকল্পকে মেরিট পুরস্কার দেওয়া হয়। ১৬টি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি মেরিট পুরস্কার পেয়েছে।
এবারে সবচেয়ে বেশি অ্যাপিকটা পুরস্কার পেয়েছে হংকং। ৪টি মূল পুরস্কার ৫টি মেরিট পুরস্কার পেয়েছে দেশটি। এরপর আছে শ্রীলঙ্কা। দেশটির উদ্যোক্তার ৩টি শীর্ষ পুরস্কার ও ৬টি মেরিট পুরস্কার পেয়েছে।
মোট ১৭টি বিভাগে বিজয়ী ও ৪৯টি মেরিট পুরস্কার দেওয়া হয়।
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) যৌথ উদ্যোগে ৭ ডিসেম্বর শুরু হয় এ অনুষ্ঠান। দুই দিন ধরে ৫৬ জন আন্তর্জাতিক বিচারক প্রকল্পগুলো যাচাই করেন ও নম্বর দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিভাগ জুনাইদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব সুবীর কিশোর চৌধুরী, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার এবং বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ও ১৭তম অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ঢাকা ২০১৭–এর আহ্বায়ক রাসেল টি আহমেদ।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা), এ অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি সম্ভাবনাময় ও সফল উদ্যোগ, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার স্বীকৃতি দিতে প্রতিবছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের আয়োজন করে থাকে।
২০১৫ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) অ্যাপিকটার সদস্যপদ লাভ করে।