বাংলাদেশের বাজারে নরটন ২০১১
প্রযুক্তিসুবিধা পাওয়ার জন্য কম্পিউটারকে দিতে হবে নিরাপত্তা। ভাইরাস থেকে কম্পিউটারকে মুক্ত রাখার জন্য বাংলাদেশের প্রযুক্তি বাজারে ছাড়া হলো নরটন অ্যান্টিভাইরাস ২০১১ ও নরটন ইন্টারনেট সিকিউিরিটি সফটওয়্যার। গত শনিবার রাজধানীর একটি হোটেলে নরটন ২০১১ বাজারে ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় কম্পিউটার সোর্স। অনুষ্ঠানে নরটনের বিভিন্ন দিক সম্পর্কে জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নরটনের কনজ্যুমার বিক্রয় ব্যবস্থাপক গৌরভ কানওয়াল বলেন, প্রযুক্তি যত বিস্তৃত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিস্তার ঘটছে ভাইরাসেরও বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময়ে সাইবার অপরাধীরা বিভিন্ন পিসিকে ভাইরাসে আক্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, নরটন ২০১১ সর্বোচ্চ গুণগতমান বজায় রাখার সঙ্গে সঙ্গে আর কিছু সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। কম্পিউটার সোর্স লিমিটেডের পরিচালক আসিফ মাহমুদ বলেন, নরটন ২০১১ বাংলাদেশে কম্পিউটারগুলোকে ভাইরাসমুক্ত রাখার জন্য চেষ্টা করবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডেনিশ ল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে নরটন কম্পিউটারের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করে। নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০১১ তিনজন ব্যবহারকারীর জন্য দুই হাজার ২০০ টাকা। একজন ব্যবহারকারীর জন্য এক হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া নরটর এন্টিভাইরাস ৭০০ টাকা। অনুষ্ঠানে বাংলাদেশে নরটনের ও কম্পিউটার সোর্সের বিভিন্ন কর্মকতা উপস্থিত ছিলেন। —তারিকুর রহমান খান