বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে ইন্টেল
আগামী বছর বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। এ ক্ষেত্রে ইন্টেল বিভিন্ন ধরনের অ্যামবেডেড সলিউশন নিয়েও কাজ করতে আগ্রহী। গত শনিবার ঢাকার এক রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আগ্রহ প্রকাশ করেছেন ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর। মতবিনিময়কালে ২০১২ সালের ইন্টেলের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন তিনি। জিয়া মনজুর বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে চলতি বছরে ইন্টেল বেশ সাফল্য অর্জন করেছে। এ অঞ্চলে প্রযুক্তির উদ্ভাবন পার্সোনাল কম্পিউটিংকে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। আর ট্যাবলেট, আল্ট্রাবুক ও সার্ভারে কম্পিউটিং প্রযুক্তি ব্যবহার ও তার প্রতিফলনের রূপেও এসেছে পরিবর্তন। এ ছাড়া একুশ শতকের দক্ষতা ব্যবহার ও উদ্যোক্তা হিসেবে বিনিয়োগ করতে উৎসাহ জোগাচ্ছে ইন্টেল।জিয়া মনজুর উল্লেখ করেন, যুগান্তকারী প্রযুক্তির সমন্বয়ে ইন্টেল কম্পিউটার ব্যবহারকে আরও স্মার্ট, দ্রুত ও অধিকতর নিরাপদ করেছে এ বছরে। চলতি বছরেই উন্মুক্ত করা হয় তৃতীয় প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর। ফলে পার্সোনাল কম্পিউটার সিস্টেম নতুন প্রযুক্তির সঙ্গে সমন্বয় ঘটিয়েছে, যা ফাইল ট্রান্সফার ও স্টার্টআপ টাইম দ্রুততর করার পাশাপাশি নিরাপত্তাও বাড়িয়েছে। গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় রেখে কম্পিউটিং প্রযুক্তিকে আরও দ্রুত ও সহজ করতে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর তৈরির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে উল্লেখ করে জিয়া মনজুর জানান, আগামী বছর নতুন এ প্রসেসর গ্রাহকদের কাছে যাবে বলে আশাবাদী ইন্টেল। এ ছাড়া স্কিনের সাইজ, পাওয়ার প্রসেসিং ও ওজনের ক্ষেত্রে ধরনের পরিবর্তন আসবে বলে জানান তিনি। —নিজস্ব প্রতিবেদক