বাংলাদেশের সঙ্গে ‘আইটি কানেক্ট প্ল্যাটফর্ম’ তৈরিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন
তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের তথ্য আদান–প্রদানের সুবিধার্থে বাংলাদেশের সঙ্গে ‘আইটি কানেক্ট প্ল্যাটফর্ম’ তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান।
আইসিটি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ইইউর ‘হরাইজন’ কর্মসূচির আওতায় বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিষয়ে বৃত্তি প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ও ইইউর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে একমত পোষণ করা হয়।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাত একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েছে। দেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞাননির্ভর অর্থনীতির দিকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিমন্ত্রী আইসিটি খাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতকে অবহিত করেন।
ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশের আইসিটি খাতসহ বিভিন্ন খাতের উন্নয়ন ঘটেছে। ভবিষ্যতে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ ছাড়া বাংলাদেশের আইসিটি খাতের বিকাশে ইইউ পাশে থাকবে বলেও আশ্বাস দেন চার্লস হোয়াইটলি।