বাংলার আরেক রেকর্ড

স্বাধীনতা দিবসে বিপুল উৎসাহ নিয়ে পালিত হলো গুগল অনুবাদে ৪ লাখ বাংলা শব্দ যোগ করার কার্যক্রম। সারা দেশে মোট ৮১টি জায়গায় বাংলা শব্দভাণ্ডার যুক্ত করতে কাজ করেছেন স্বেচ্ছাসেবীরা। আয়োজকেরা আশা করছেন, যে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে কাজ করেছেন স্বেচ্ছাসেবকেরা তাতে রেকর্ড গড়া সম্ভব হয়েছে। তাঁদের ধারণা আজ চার লাখেরও বেশি বাংলা শব্দ যুক্ত করা সম্ভব হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে গুগল।
আজ বৃহস্পতিবার ১১টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বিসিসির যুগ্ম সচিব মো. হারুনর রশিদ, জিডিজি বাংলার প্রধান উপদেষ্টা মুনির হাসান ও কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস।
গুগল ডেভেলপার গ্রুপ বাংলা (জিডিজি বাংলা), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের(বিসিসি) উদ্যোগে এই রেকর্ড গড়ার কাজ শুরু হয় আজ। এই প্রক্রিয়া সফল হলে গুগল অনুবাদের মাধ্যমে বিশ্বের প্রায় ৯০টি ভাষায় বাংলাকে ছড়িয়ে দেওয়ার কাজটি এগিয়ে যাবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
জিডিজি বাংলার কমিউনিটি ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস বলেন, বাংলাকে সবক্ষেত্রে সবার ওপরে রাখতে আমরা রেকর্ড করতে গড়ার যে লক্ষ্যে কাজ শুরু করেছিলাম তা সম্ভব হতে যাচ্ছে।
জিডিজি বাংলার প্রধান উপদেষ্টা মুনির হাসান বলেন, সারা দেশে চার হাজার মানুষ সরাসরি অংশ নিয়েছে আমাদের অনুষ্ঠানগুলোতে ৷ আমরা সারা দেশ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এই ইভেন্টগুলো আয়োজনে কাজ করেছে আমাদের প্রায় এক হাজার স্বেচ্ছাসেবী ৷ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০০ জনেরও বেশি ছাত্রছাত্রী অনুবাদের কাজ করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শহীদ মিনারে গুগল ট্রান্সলেশনের কাজ করছেন স্বেচ্ছাসেবকেরা। দেশের বাইরে অস্ট্রেলিয়া, পর্তুগাল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা আজ বিকাল ৪টা ৪৫ মিনিটে হবে সমাপনী অনুষ্ঠান।