বাংলালায়ন চালু করছে জিরো কুপন বন্ড
উপজেলা পর্যায় পর্যন্ত তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট-সেবা নিয়ে যেতে চায় বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেড। আর এ লক্ষ্যে কাজও শুরু করেছে তারা। এ জন্য নতুন অবকাঠামো নির্মাণে তাদের প্রয়োজন পড়ছে প্রায় ৭০০ কোটি টাকা। এই অর্থের মধ্যে ৪০০ কোটি টাকা সংগ্রহের জন্য বাংলালায়ন বাজারে নিয়ে আসছে জিরো কুপন বন্ড। বন্ড মার্কেটকে জনপ্রিয় করতে নতুন এই বন্ড চালুর ব্যাপারে তাদের সঙ্গে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি লিমিটেড (আইআইডিএফসি)। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলালায়ন এ ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে বাংলালায়ন কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘বাংলালায়ন উন্নত ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে দ্রুতগতির ইন্টারনেট-সেবা নিশ্চিত করতে চায়। ইতিমধ্যে দেশের সাতটি বিভাগীয় শহরে বাংলালায়নের নেটওয়ার্ক রয়েছে। আমাদের লক্ষ্য, দেশের সব জায়গায় ওয়াইফাই নেটওয়ার্ক নিশ্চিত করা। আর এ জন্য আমরা আমাদের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছি।’ আগামী বছরের মধ্যে বাংলালায়নের এক হাজার ৪০০ বিটিএস বসানো হবে। এই উন্নয়নে খরচ ধরা হয়েছে ৭০০ কোটি টাকা। এর মধ্যে ৪০০ কোটি টাকা জিরো কুপন বন্ডের মাধ্যমে সংগ্রহের জন্য চালু করা হয়েছে ১৮ শতাংশ কনভার্টেবল জিরো কুপন বন্ড। আইআইডিএফসি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও স্ট্রাকচার ফিন্যান্সের প্রধান খন্দকার শফিকুর রহমান বলেন, ‘আমরা বন্ড মার্কেট জনপ্রিয় করতে চাই। কুপন ছাড়া এই বন্ডে ব্যক্তি ও করপোরেট হাউজগুলোকে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না । এখানে গ্রাহক শুধু ১১ শতাংশ নিশ্চিত মুনাফাই পাবে না, এর সঙ্গে গ্রাহক ১৮ শতাংশ সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগ পাবে; যাতে মোট মুনাফার হার প্রায় ২৫ শতাংশ হবে।’ অনুষ্ঠানে বাংলালায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা নেইল গ্রাহাম তথ্যচিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানে সার্বিক অবস্থা তুলে ধরেন। —ইমাম হাসান