বাংলালিংককে মিডিয়া সেবা দেবে টপ অব মাইন্ড

ডিজিটাল, টিভি ও প্রিন্ট মিডিয়া এবং আউট-অফ-হোম অ্যাডভোর্টাইজিংয়ের ক্ষেত্রে মোবাইল অপারেটর বাংলালিংককে মিডিয়া সেবা দেবে টপ অব মাইন্ড নামের একটি প্রতিষ্ঠান। এর আগেও বাংলালিংককে এই সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বাংলালিংক ও টপ অব মাইন্ডের কর্মকর্তারা ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলালিংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম, হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী ও অ্যাসোসিয়েট জেনারেল ম্যানেজার শেহজাদ এস হোসেন এবং টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী (সিইও) জিয়াউদ্দিন আদিল, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) সালমা আদিল, মিডিয়া পরিচালক সৈয়দা উম্মে সালমা এ ছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম বলেন, ‘আমি দুই প্রতিষ্ঠানেরই উজ্জ্বল ভবিষ্যত্ কামনা করি। আমি বিশ্বাস করি, এওআর সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান টপ অফ মাইন্ড বাংলালিংককে সর্বোচ্চ মানের সেবা দেবে এবং বাংলাদেশে বাংলালিংকের মিডিয়া কৌশল বাস্তবায়ন করবে।’
টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল বলেন, ‘পুনরায় বাংলালিংকের মিডিয়া এওআর সলিউশন প্রদানের দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছি। বাংলালিংকসহ আমাদের সকল গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে আমরা সচেষ্ট থাকব।’