বাংলায় চাকরির ওয়েবসাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষায় চালু হলো চাকরির ওয়েবসাইট। বাংলায় চাকরির খবর নিয়ে এ ওয়েবসাইট চালু করেছে চাকরিবিষয়ক ওয়েবসাইট বিডিজবস ডট কম। ওয়েবসাইটটি তথ্যপ্রযুক্তির সুবিধা ব্যবহারের মাধ্যমে শহরতলি এবং গ্রামের চাকরি-প্রার্থীদের জন্য চাকরিসংক্রান্ত তথ্য ও পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে তৈরি। গত বুধবার মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বায়রা বাজারের বাতিঘর নামক তথ্যকেন্দ্র থেকে যাত্রা শুরু করছে বাংলা ভাষায় স্থানীয় চাকরিসংক্রান্ত তথ্যসেবার ওয়েবসাইটটি। www.bdjobs.com/bangla ঠিকানার এ ওয়েবসাইটে পূর্ণাঙ্গ বাংলা ভাষায় বিভিন্ন ধরনের চাকরির তথ্য পাওয়া যাবে।ওয়েব পোর্টালটির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সুফল বিকেন্দ্রীকরণে এ ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে দেশের বিশাল বেকার জনগোষ্ঠী সহজেই চাকরির তথ্য ও পরামর্শ পাবেন, যা তাঁদের সময় ও অর্থ দুটিই সাশ্রয় করবে। জামিলুর রেজা চৌধুরী আরও বলেন, তথ্যপ্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এ উদ্যোগকে তিনি টেলিসেন্টারের সেবার পরিধি বৃদ্ধি করতে সহায়তা করবে। অনুষ্ঠানে বক্তব্য দেন বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর, ক্যাটালিস্ট বাংলাদেশের জ্যেষ্ঠ ব্যবসায়ী পরামর্শক আরাফাত হোসেন, গ্রামীণফোনের অতিরিক্ত মহাব্যবস্থাপক এ এইচ এম সুলতানুর রেজা এবং বিআইআইডির প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদ উদ্দিন আকবরসহ অনেকে। তথ্যকেন্দ্রের মাধ্যমে এ তথ্যসেবা পৌঁছে দেওয়ার কাজটি করছে ক্যাটালিস্ট বাংলাদেশ। এ উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করছে গ্রামীণফোন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট (বিআইআইডি)।—নিজস্ব প্রতিবেদক