বাংলায় সামাজিক যোগাযোগের সাইট বেশতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষায় চালু হলো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বেশতো ডট কম। খুব সহজেই www.beshto.com ঠিকানার ওয়েবসাইটে নিবন্ধন করে যোগাযোগ শুরু করতে পারেন অন্যদের সঙ্গে। এ ছাড়া প্রয়োজনীয় নানা ধরনের প্রশ্নের উত্তর খুঁজে পেতেও বেশতো হতে পারে কার্যকর মাধ্যম। গতকাল রাজধানীর কারওয়ান বাজারের বেসিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নতুন এ সাইটের ঘোষণা দিয়েছে সাইটটির নির্মাতা বেশতো লিমিটেড। অনুষ্ঠানে বেশতোর অন্যতম দলনেতা আবুল হাসনাত মুস্তফা বলেন, ‘প্রাথমিকভাবে এখানে দুটি সেবা পাওয়া যাবে। সেগুলো হচ্ছে বেশতো লাইভ এবং বেশতো প্রশ্ন। বেশতো লাইভ হচ্ছে মূলত খুদে ব্লগ লেখার সেবা। যেখানে বাংলায় একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন খুব সহজে। শুধু মনের কথাটি লেখা নয়, এখানে ছবিও দেওয়া যাবে।’এ ছাড়া বেশতো প্রশ্নের মাধ্যমে নিজের যেকোনো প্রশ্নের উত্তর মিলবে সহজে। নিজের মনের প্রশ্নটি লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দেবে অন্যরা। আর সবচেয়ে গ্রহণযোগ্য উত্তরটাই আপনাকে বেছে নিতে সাহায্য বেশতো প্রশ্ন। এখানে প্রশ্নগুলো সাজানো আছে বিষয় অনুসারে। পেশা, শিক্ষা, রাজনীতি, ভ্রমণ ইত্যাদি আছে বিষয়ের তালিকায়। বেশতোর আরেকজন দলনেতা মেহেদি হাসান বলেন, ‘ভালো প্রশ্ন বা ভালো উত্তরের জন্য রয়েছে পয়েন্টের ব্যবস্থা। যে পয়েন্ট বাড়িয়ে আপনি জিতে নিতে পারেন গুরু বা জ্ঞানী খেতাব।’এরই মধ্যে বেশতোতে প্রায় ১০ হাজার ব্যবহারকারী রয়েছে বলে জানান তাঁরা। বেশতোর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এ কে এম ফাহিম মাশরুর জানান, ‘নিজের ভাষায় যোগাযোগ সব সময়েই সহজ। আর তাই আমাদের ধারণা, এই সাইটটি সবাই পছন্দ করবে। এতে আরও নতুন বিষয় যোগ করা হবে। এর মধ্যে থাকবে মোবাইল, সার্চ, কেনাকাটা, বিনোদন ইত্যাদি। এ ছাড়া থাকবে মজার মজার সব দেশি গেম।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেশতো পরিবারের তামজীদ সিদ্দিক, ফখরুজ্জামানসহ অনেকে। —হাসান ইমাম