বাকি মন্ত্রীরাও যদি সত্য ফাঁস করে দিতেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ : জুনায়েদ আজিম চৌধুরী
অলংকরণ : জুনায়েদ আজিম চৌধুরী

পানিসম্পদমন্ত্রী সম্প্রতি এক সত্য ফাঁস করে দিয়েছেন। গ্যারান্টি দিয়েছেন, বন্যা-পরবর্তী সংস্কারকাজে লুটপাট হবে, তবে হরিলুট হবে না। তাঁর মতো অন্যরাও সত্য ফাঁস করে দিলে কেমন হতো? ভেবেছেন মো. মিকসেতু

আকাশমন্ত্রী: বলেন কী? সব দেশের বিমানই লাভ করে! আর আমরাই শুধু লস করি! এটা অবশ্য স্বাভাবিক। কারণ, আমাদের এখানে লুটপাট চলতে দিলেও আমরা কেউই হরিলুট করতে দিই না।

জলপরিবহনমন্ত্রী: ছোটবেলায় আমাদের অঙ্ক শেখাতেন হরি স্যার।

অঙ্ক না পারলে হরি স্যার বেদম মার দিতেন। মার খেয়ে খেয়ে তাঁর প্রতি ভীষণ ভয় কাজ করত। সেই ভয় থেকেই আজও স্যারের নাম শুনলেই আমি এক শ হাত দূরে থাকি। তাই আমাদের জলপরিবহনে আর যা-ই হোক, হরিলুট হয় না। কারণ, হরি নাম শুনলেই...ইয়ে,

মানে বুঝেছেনই তো।

ট্রেনমন্ত্রী: প্রতিবছর ট্রেনে হাজার কোটি টাকা লস হয়। কারণ, এখানে লুটপাট চলে। তবে আমি তাদের হরিলুট করতে দিই না। হরিলুট হলে বছরে এর চেয়ে চার-পাঁচ গুণ বেশি টাকা লস হতো।

বিদ্যামন্ত্রী: প্রশ্ন ফাঁস নিয়ে তো নতুন করে কিছু বলার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রশ্ন ফাঁস হয়েছে। খুব স্বাভাবিক। তবে আপনি খেয়াল করলে দেখবেন, ‘ক’, ‘খ’, ‘গ’—এসব ইউনিটের প্রশ্ন কিন্তু ফাঁস হয়নি। মানে প্রশ্ন ফাঁসের ব্যাপারে লুটপাট হলেও হরিলুট হয়নি। যত দিন আমার শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকবে, তত দিন হরিলুট হতে দেব না। কোনোভাবেই নয়।

রাস্তামন্ত্রী: লুটপাট চলে বলেই এখনো ভাঙাচোরা রাস্তাঘাট দেখছেন। হরিলুট হলে রাস্তাই খুঁজে পাওয়া যেত না। যান, ভাঙা রাস্তার জন্যই তৃপ্তির ঢেকুর তোলেন।

টাকামন্ত্রী: দেশের টাকা পাচার হচ্ছে, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে দেশের সব টাকাই কিন্তু পাচার হচ্ছে না। আই মিন হরিলুট হচ্ছে না। হরিলুট হলে আজ দেশের সবাইকে থালা নিয়ে ভিক্ষায় নামতে হতো। হা হা হা! হাউ গিভ? কেমন দিলাম, কৌতুকটা? হা হা হা...

বন্যা-পরবর্তী সংস্কারকাজে হরিলুট হবে না, ঠিক আছে। তবে লুটপাট অবশ্যই হবে!

আয়হায়! নেতায় তো দেখি সত্য কথা কইতাছে!

খুক খুক খুক...

নেতা, ত্রুটিকা খায়া লন।

সব ঠিক হইয়া যাইব।

ঢক ঢক ঢক...

অ্যাঁ, এতক্ষণ তাইলে সত্য কথা কইতেছিলাম! সর্বনাশ!

দেশে কোনো লুটপাট নেই। লুটপাট জিনিসটাই আমরা হরিলুট করে দিয়েছি...বক বক বক...

ভেজাল ত্রুটিকার এই এক গুণ! কখন যে মনকেও ভেজালপূর্ণ করে তুলবে, বুঝতেই পারবেন না!

আপনার নেতা সত্য কথা বললেই তাঁর হাতে ধরিয়ে দিন এক বোতল—

ত্রুটিকা

একটু বেশিই ভেজাল!