বাকিরা তখন যা করছিলেন
রোম যখন পুড়ছিল, সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। নিরোর জায়গায় আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিরা থাকলে কী করতেন?

সরকারদলীয় নেতা
আগুন লাগার পেছনে বিরোধী দলের হাত আছে, এমনটাই দাবি করছিলেন।
বিরোধীদলীয় নেতা
তাঁদের আমলে দেশের কোথাও এমন অগ্নিকাণ্ড হয়নি এবং তাঁরা ক্ষমতায় গেলে এমন দুর্ঘটনা ঘটবে না, এমন আশ্বাস দিচ্ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী
আগুন লাগাও যে একটা বিচ্ছিন্ন ঘটনা, সেটা প্রতিষ্ঠা করার জন্য জোর চেষ্টা চালাচ্ছিলেন।
টক-শোজীবী
মানব সভ্যতায় আগুন আবিষ্কার, বিস্তার, উপকারিতা, অপকারিতা এবং আগুনের ভবিষ্যৎ প্রভাব নিয়ে তর্ক করছিলেন।
পুলিশ
আগুনের পেছনে জঙ্গিবাদ দায়ী ভেবে তারা ঘোষণা দিয়ে গণহারে জঙ্গি গ্রেপ্তার করছিল। তা ছাড়া ঘটনার দায় স্বীকার করে আইএস বিবৃতি দিয়েছে কি না, তার খোঁজও রাখতে হচ্ছিল।

সুযোগসন্ধানী ব্যবসায়ী
আগুন মানেই গরম। আর গরমের পর কোন ধরণের পণ্য বিক্রি করলে লাভ বেশি হবে, সে সব পণ্য নিয়ে ভাবছিলেন।
আমজনতা
অগ্নিকাণ্ড নিয়ে প্রধান দলগুলোর কাদা-ছোড়াছুড়ি দেখছিল এবং ‘একদিন কর্তৃপক্ষের ঘুম ভাঙবে’ এই আশায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিল। অতি উৎসাহীরা অগ্নিকাণ্ডের ছবি ক্যামেরাবন্দী করতেও ভুলছিল না।