‘ইন্টারনেট গভর্নেন্স ফর সাসটেইনেবল হিউম্যান, ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট’ স্লোগানে ৬ নভেম্বর থেকে আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (আইজিএফ) সপ্তম বার্ষিক সম্মেলন। জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলন শেষহয়েছে গতকাল শুক্রবার। সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সভাপতি সৈয়দ ফয়সাল হাসান। ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার বাকুতে আইজিএফের সম্মেলন সরাসরি দেখার ও প্রশ্ন করার ব্যবস্থাও করেছিল। সম্মেলনের প্রথম দিন রাজধানীর বেসিসের সম্মেলনকক্ষে একটি রিমোট হাবের মাধ্যমে এই আয়োজন করা হয়। এতে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন সরাসরি সম্মেলনে অংশ নেন ও আলোচকদের ইন্টারনেট নিরাপত্তা এবং আইজিএফের কার্যক্রম নিয়ে সরাসরি প্রশ্ন করেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা এ রকম সরাসরি প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেন আলোচকেরা। রিমোট হাব আয়োজন বিষয়ে ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সহসভাপতি রহমান খান বলেন, ‘সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ সীমিত হওয়ায় সবাইকে সম্মেলনে যুক্ত করতে এই আয়োজন করা হয়েছে।’ এই আয়োজনে সহযোগিতা করে বেসিস, বিআইজিএফ ও এডিএন টেকনোলজি। —জিয়াউর রহমান চৌধুরী