বাগমারায় ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ
রাজশাহীর বাগমারা উপজেলায় গত সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছেন প্রতিষ্ঠান প্রধানেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান জানান, বাগমারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেট ব্যবহারে আগ্রহী করার জন্য এবার কেন্দ্র থেকে আগে কোনো ফলাফল দেওয়া হয়নি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবহার করে ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে বলা হয়েছিল। সে মোতাবেক প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা সেখানে বসেই ফল সংগ্রহ করে পরীক্ষার্থীদের প্রকাশ করেন। গোপালপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন জানান, এবার তাঁরা নিজ প্রতিষ্ঠানে বসেই নির্দিষ্ট সময়ে ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করেছেন। ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব জিল্লুর রহমান জানান, এবার কোনো প্রতিষ্ঠানের প্রধানেরা তাঁর কাছ থেকে (কেন্দ্র থেকে) ফল সংগ্রহ করেননি। সবাই নিজ নিজ প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবহার করে ওয়েবসাইট থেকে ফল নিয়েছেন। —মামুনুর রশিদ, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি