বাগমারায় কম্পিউটার প্রদান ও প্রশিক্ষণ
তথ্য সেবাকেন্দ্র চালুর লক্ষ্যে রাজশাহীর বাগমারার ইউনিয়ন পরিষদে ল্যাপটপ কম্পিউটার প্রদান করা হয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে চারটিতে সম্প্রতি অনুষ্ঠানের মাধ্যমে কম্পিউটার প্রদান করা হয়। উপজেলার সোনাডাঙ্গা, দ্বীপপুর, গোবিন্দপাড়া ও শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। এই চারটি ইউনিয়নে বিদ্যুৎসংযোগ না থাকায় তাঁদের ল্যাপটপ দেওয়া হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পক্ষে ল্যাপটপ ছাড়াও তাঁদের হাতে দুটি করে ইন্টারনেট সংযোগসহ সিম কার্ড, ইন্টারনেট মডেম প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু হোরায়রার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও সার্বিক) সুবোল বোস মনি। এ সময় উপস্থিত ছিলেন বাগমারার সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন আলী মাস্টারসহ অনেকে। ইউএনও এস এম আবু হোরায়রা জানান, উপজেলার অবশিষ্ট ১২ ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষে কম্পিউটার প্রদান করা হবে। পাশাপাশি সব ইউনিয়নের চেয়ারম্যান, নিয়োগপ্রাপ্ত অপারেটরদের কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে ইউএনও নিজ উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ দেন। —মামুনুর রশিদ, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি