বাগমারায় তথ্যকেন্দ্রের সেবা নিয়ে কর্মশালা
তথ্যকেন্দ্রের সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও ডিজিটাল পদ্ধতির ব্যবহার সম্পর্কে গত শনিবার রাজশাহীর বাগমারায় জি-২০২১ নামের একটি সংগঠন দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এনামুল হক। জি-২০২১-এর সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপমহাব্যবস্থাপক আবদুল খালেক খান ও এনা গ্রুপের তথ্যপ্রযুক্তি বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মানিকুজ্জমান খান। এই কর্মশালায় স্কুল-কলেজ ও প্রতিটি ইউনিয়নে স্থাপিত তথ্যকেন্দ্র থেকে লোকজন যেন সেবা পায়, সে জন্য সংগঠনের কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়। তাদের সহযোগিতা করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনের কর্মীদের প্রতিটি গ্রামে একটি করে তথ্যকেন্দ্র স্থাপনের জন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ জন্য সংগঠন প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। কর্মশালায় সংগঠনের উপজেলার দুই শতাধিক শিক্ষিত কর্মী উপস্থিত ছিলেন। —বাগমারা (রাজশাহী) প্রতিনিধি