বাগমারায় মোবাইল মানি অর্ডার সার্ভিস
রাজশাহীর বাগমারা উপজেলায় বাড়ছে মোবাইল মানি অর্ডার সেবা। উপজেলা ডাকঘর ভবানীগঞ্জে সম্প্রতি চালু হয়েছে এ সেবা। এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারছেন লোকজন। ভবানীগঞ্জ উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার বোরহান উদ্দিন জানান, বাগমারায় প্রথমবারের মতো গত জুলাই মাসে এই সেবাটি চালু হয়েছে। তিনি জানান, এই সার্ভিসের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে টাকা লেনদেন করা হয়। এই সার্ভিসের মাধ্যমে টাকা পাঠাতে হলে প্রাপকের মুঠোফোনের সেট থাকা আবশ্যক। তিনি সংশ্লিষ্ট ডাকঘরে গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে পাঠানো টাকাসহ জমা দেবেন। পরে তাঁর মোবাইল নম্বরে ১৪ ডিজিটের একটি গোপন নম্বর খুদে বার্তার মাধ্যমে পাঠানো হবে। ওই নম্বরটি প্রেরককে জানালে তিনি তাঁর এলাকার ডাকঘরে গিয়ে গোপন নম্বরটি দিয়ে টাকা ওঠাতে পারবেন। এতে সহজে এবং অল্প সময়ের মধ্যে টাকা পাওয়া যায়। আগে মানি অর্ডারের মাধ্যমে টাকা পাঠালে তা পেতে চার দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত লেগে যায়। উপজেলা পোস্টমাস্টার জানান, বাগমারায় এই সার্ভিসটির প্রতি লোকজন ঝুঁকছে। প্রতিদিন সাত-আটটি মানি অর্ডার ইস্যু এবং সমপরিমাণ বিলি করা হয়। তবে ব্যাপক প্রচার হলে এর সংখ্যা বাড়বে। সূর্যপাড়া গ্রামের বাসিন্দা মতিউর রহমান জানান, তাঁর ছেলে গাজীপুরে চাকরি করেন। আগে প্রতি মাসে মানি অর্ডারের মাধ্যমে টাকা পাঠাতেন, তা পেতে সাত থেকে ১০ দিন পর্যন্ত লাগত। এখন তিনি কয়েক মিনিটের মধ্যেই পেয়ে যাচ্ছেন। —মামুনুর রশিদ, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি