বাগেরহাটে ইউআইএসসি নিয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়নের সব কটিতেই ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) চালু আছে। গত তিন মাসে এসব তথ্যকেন্দ্র থেকে মোট আয় হয়েছে চার লাখ ১৫ হাজার ৩৫৭ টাকা। গড়ে প্রতিটি ইউআইএসসির মাসিক আয় হয়েছে এক হাজার ৮৪৬ টাকা করে। প্রতিটি কেন্দ্রে একজন নারী ও একজন করে পুরুষ উদ্যোক্তা বা অপারেটর রয়েছেন।বাগেরহাটের ৭৫ ইউআইএসসির মধ্যে আয়ের দিক থেকে প্রথম তিনটি স্থান অধিকার করেছে যথাক্রমে মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়ন, মোল্লাহাট উপজেলার উদয়পুর ও আটজুড়ি ইউনিয়ন পরিষদ। গতকাল সোমবার বাগেরহাট জেলার ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) তথ্য ও সেবাকেন্দ্রগুলোয় কর্মরত উদ্যোক্তাদের ব্যবসার কৌশল এবং জনসেবায় করণীয় বিষয়ে এক অবহিতকরণ সভা থেকে এসব তথ্য জানা যায়।জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী এবং বাগেরহাট-৩ আসনের সাংসদ বেগম হাবিবুন নাহার। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরামর্শক মানিক মাহমুদ অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে জেলার সর্বোচ্চ আয় অর্জনকারী ১০টি ইউনিয়নের নাম ঘোষণা করা হয় এবং প্রথম তিনটি ইউপির চেয়ারম্যান, উদ্যোক্তা, সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। বাগেরহাট জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। —আহাদ হায়দার, বাগেরহাট প্রতিনিধি