বাগেরহাটে চালু হচ্ছে মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা
বাগেরহাটের রামপাল উপজেলার ৩০টি গ্রামের নারীদের জন্য চালু হচ্ছে মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম। ‘আমাদের গ্রাম ব্রেস্ট ক্যানসার ই-হেলথ প্রোগ্রাম’ নামের এ কর্মসূচি পরিচালনা করছে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প। এর আওতায় ৩০ জন স্বাস্থ্যকর্মী মোবাইল ফোনের বিশেষ অ্যাপ্লিকেশনের (প্রোগ্রাম) মাধ্যমে নারীদের স্তন ক্যানসারসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেবেন। শুরুতে এ কার্যক্রমটি পরীক্ষামূলকভাবে আটটি গ্রামে চালু করা হয়, যা বর্তমানে আরও বড় করে ৩০টি গ্রামে করা হবে জানালেন আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম। তিনি জানান, প্রকল্পটি বড় আকারে করার জন্য কানাডীয় সরকারের কাছে তহবিলের জন্য আবেদন করা হয়েছিল। সম্প্রতি এ প্রকল্পটির জন্য কানাডীয় সরকার তাদের গবেষণা তহবিল থেকে অর্থ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।গ্র্যান্ড চ্যালেঞ্জ কানাডা ৯ ফেব্রুয়ারি এই অর্থায়নের ঘোষণা দেয়। রেজা সেলিম বলেন, ‘এ প্রকল্পের আওতায় গ্রামের নারীদের স্বাস্থ্যতথ্য মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে সংগ্রহ করা হবে। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা এসব তথ্য সংগ্রহ করবেন। তথ্যগুলো আমাদের নিজস্ব সার্ভারে সংরক্ষিত হবে, যাতে নির্দিষ্ট রোগীর সব ধরনের তথ্য সহজেই পাওয়া যাবে। পরবর্তী সময়ে আমরা রোগীর সব তথ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দেব এবং তাঁদের পরামর্শ অনুযায়ী রোগীর চিকিৎসা কার্যক্রম চলবে। প্রত্যেক রোগীর জন্য একটি নির্দিষ্ট পরিচিতি নম্বর থাকবে, যার সাহায্যে রোগীর সব তথ্য খুঁজে পাওয়া যাবে। হাতের মুঠোয় বহনযোগ্য হওয়ায় মোবাইল ফোনে যেমন সহজেই তথ্যগুলো নেওয়া যাবে, তেমনি কেন্দ্রীয়ভাবে তথ্যগুলো সার্ভারে থাকবে।’ —নুরুন্নবী চৌধুরী