বাগেরহাটে জ্ঞানমেলা শুরু
শ্রীফলতলা উচ্চবিদ্যালয়ের ফটকটা সেজেছে রঙিন সাজে। সেই ফটকে লেখা ‘শ্রীফলতলা জ্ঞান গ্রামে স্বাগতম’। ফটক পেরিয়ে বিদ্যালয়ের মাঠে ঢুকতেই যে উর্যাসবের আমেজ টের পাওয়া যায়, তা জ্ঞানমেলাকে কেন্দ্র করে। বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে প্রতিবছরই বসে এই জ্ঞানমেলা। সপ্তম জ্ঞানমেলা শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। আজ এ মেলা শেষ হবে। সকাল থেকেই ছিল ঝিরঝিরে বৃষ্টি। এই বিরূপ আবহাওয়ার মধ্যেই উল্লেখ করার মতো দর্শক ছিল মাঠে। এরই মধ্যে শুরু হয় মেলা উদ্বোধনের আনুষ্ঠানিকতা। বাগেরহাটের জেলা প্রশাসক আকরাম হোসেন এর উদ্বোধন করেন। জ্ঞানমেলার মতো আয়োজন একটি গ্রামকে আলোকিত করে তুলতে পারে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানের মূল বক্তা যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজ আশা প্রকাশ করে বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জ্ঞান আরোহণের মাধ্যমে এই গ্রাম অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন চিত্রশিল্পী ও সংস্থাটির পরিচালনা পর্ষদের সদস্য মাহমুদুল হক। বক্তব্য দেন কপিরাইট অফিসের রেজিস্ট্রার মো. মনজুরুর রহমান, রামপালের উপজেলা চেয়ারম্যান মোল্লা আবদুর রউফ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবদুল জলিলসহ অনেকে। অনুষ্ঠানে গুণীজন হিসেবে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইজারাদার আবদুল কাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। সেরা জ্ঞানকর্মীর পুরস্কার পান আমাদের গ্রামের খান জাহিদ হোসেন। মূলত গ্রামীণ মেলার সব বৈশিষ্ট্য এবারও আছে জ্ঞানমেলায়। ‘তথ্যপ্রযুক্তি হোক গ্রামের আয়ের উর্যাস’—স্লোগান নিয়ে আয়োজিত মেলায় বেশ কিছু প্রতিষ্ঠান প্রযুক্তির বহুমুখী ব্যবহার দেখাচ্ছে। আছে স্থানীয় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল। সঙ্গে নাগরদোলা, চরকির মতো বিনোদনও আছে। মেলায় রূপান্তরের শিল্পীরা বাল্যবিবাহ, ইভ টিজিং, নারী পাচারবিরোধী পটগান পরিবেশন করেন। চলে ঐতিহ্যবাহী ঢালি খেলা। বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম তাঁর এভারেস্ট বিজয়ের কাহিনি শোনান এবং ছবি দেখান। সন্ধ্যায় দেখানো হয় চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন ছবিটির নির্মাতা মোরশেদুল ইসলাম। জ্ঞানমেলায় গ্রামে গণিতচর্চা, সড়কে নিরাপত্তা, কমিউনিটি রেডিও ইত্যাদি বিষয়ে কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ, আমাদের গ্রামের আন্তর্জাতিক পরিচালক হিদার স্টরি, দৈনিক ইত্তেফাক-এর সহকারী সম্পাদক মিনার মনসুর, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেনসহ অনেকে। এ ছাড়াও মেলায় গণিত ও রচনা প্রতিযোগিতার আয়োজন আছে। আজ শেষ দিনেও আছে বেশ কিছু আয়োজন ও সমাপনী অনুষ্ঠান। —বাগের হাট ও মংলা প্রতিনিধি