বাগেরহাটে ডিজিটাল বাংলাদেশ নিয়ে কর্মশালা
ডিজিটাল বাংলাদেশ গড়তে সবার আগে প্রয়োজন দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তাই প্রশাসনের প্রতিটি স্তরকে দুর্নীতিমুক্ত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেওয়া এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। গতকাল সোমবার বাগেরহাট জেলা প্রশাসক সভাকক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আযম খান। কর্মশালায় প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, চলতি বছরের মধ্যে সব শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায়, আগামী বছরের মধ্যে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত, ২০১২ সালের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ২০১৩ সালের মধ্যে স্বাস্থ্যসম্মত সেনিটেশনব্যবস্থা, ২০১৪ সালের মধ্যে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ, ২০১৫ সালের মধ্যে সবার জন্য আবাসন নিশ্চিত করতে হবে। এসব লক্ষ্যের পূর্ণাঙ্গ বাস্তবায়নই ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিত্তি। তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারলে দ্রুততম সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন করা সম্ভব। কর্মশালায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ অনেকেই উপস্থিত ছিলেন। —আহাদ সরকার, বাগেরহাট প্রতিনিধি