বাগেরহাটে মেয়েদের ‘সুগন্ধী জ্ঞানকেন্দ্র’
কলেজপড়ুয়া শিক্ষার্থী নওরিন সাখাওয়াত আর শবনম সুলতানার নতুন ঠিকানা এখন সুগন্ধী জ্ঞানকেন্দ্র। তাদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধী গ্রামে। এলাকার মানুষদের কম্পিউটার ও ইন্টারনেট তথা তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলার জন্য গড়ে তোলা হয়েছে সুগন্ধী জ্ঞানকেন্দ্র। এর পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করার দায়িত্বও কাঁধে তুলে নিয়েছে তারা। গত বৃহস্পতিবার স্থানীয় পোলেরহাট বাজারে আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।‘কম্পিউটার পরিচালনার কাজ শিখতে গ্রাম থেকে ১০ মাইল পথ অতিক্রম করে বাগেরহাট শহরে গিয়েছি। এখন আমি কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ হয়ে উঠছি। আশপাশের গ্রামের মানুষকে হাতের কাছে এই সেবা গ্রহণের সুযোগ করে দিতে চাই।’ সুগন্ধী জ্ঞানকেন্দ্রে বসে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানাল এই কেন্দ্রের ব্যবস্থাপক নওরিন সাখাওয়াত। এই কেন্দ্রের প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছে শবনম সুলতানা।আমাদের গ্রাম তথ্যপ্রযুক্তি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে প্রায় পাঁচ হাজার ডলার ব্যয়ে সুগন্ধী গ্রামের পোলেরহাট বাজারে এই দুই নারী উদ্যোক্তাকে জ্ঞানকেন্দ্রটি স্থাপন করে দেওয়া হয়েছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, তথ্যপ্রযুক্তির সংস্পর্শে না আসতে পারলে একজন মানুষ পরিপূর্ণ হয়ে উঠতে পারে না। বাগেরহাটের গ্রামীণ এলাকার মানবসম্পদ উন্নয়নে এই জ্ঞানকেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।আমাদের গ্রামের পরিচালনা পর্ষদের সদস্য শেখ আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নারীনেত্রী ও যশোরের বেসরকারি সংগঠন বাঁচতে শেখার প্রধান নির্বাহী এঞ্জেলা গোমেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ব্রেস্টক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক রিচার্ড আর লাভ, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শরীফা হেমায়েত ও রাখালগাছি ইউপি চেয়ারম্যান শেখ আবু শামীম আসনু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোশাহিদা সুলতানা, ক্যানসার প্রশমনবিদ্যা গবেষক রুমানা দৌলা ও গবেষক হানা কোহেল। আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম বলেন, নারী পরিচালিত এটাই প্রথম তথ্যকেন্দ্র। তিনি আরও বলেন, এসব কেন্দ্রের মাধ্যমে আমাদের গ্রাম তথ্যপ্রযুক্তির সেবা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চায়। —আহাদ হায়দার, বাগেরহাট