বাগেরহাটে শেষ হলো ডিজিটাল উদ্ভাবনী মেলা
বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান চত্বরে শেষ হয়েছে ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান মেলা। মেলায় সরকারি-বেসরকারি ৩৪টি প্রতিষ্ঠান, বিজ্ঞান মেলায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব এবং বইমেলায় ১২টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। গত শুক্রবার তিন দিনের এ মেলার উদ্বোধন করেন সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের পরিচালক মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেনসহ অনেকে। গতকাল রোববার এ মেলা শেষ হয়।জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মেলায় স্টল দিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। তারা তাদের স্টলে মাল্টিমিডিয়া (প্রজেক্টর) ব্যবহার করে নাগরিকদের দেওয়া ডিজিটাল প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য জানিয়েছে। বাগেরহাট পোস্ট অফিসের পোস্ট অফিস পরিদর্শক মো. সাঈফুল আলম বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার সরকারি কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে গ্রাহকদের সুবিধার্থে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পোস্টাল ক্যাশকার্ড ও ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম চালু করেছি। মেলায় এসব বিষয়ে তথ্য জানানো হয়েছে। বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুরের সামছুদ্দিন নাহার ট্রাস্ট বেশ কয়েক বছর ধরে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করছে। মেলায় তাদের স্টলে ছিলো এ বিষয় উপস্থাপন করছে তারা। এ ছাড়া মেলায় ছিলো ই-কমার্স নিয়ে কাজ করা ঢাকাভিত্তিক সংগঠন ‘আমার দেশ আমার গ্রামে’র স্টল। —আহাদ হায়দার, বাগেরহাট প্রতিনিধি