বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্ধারণের জন্য মুঠোফোনে খুদে বার্তার (্এসএমএস) মাধ্যমে সুন্দরবনকে ভোট দিতে বাগেরহাটের তিনটি কলেজে গতকাল মঙ্গলবার আলাদা আলাদা তিনটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ তিনটি হচ্ছে বাগেরহাট সরকারি পিসি কলেজ, বাগেরহাট সরকারি মহিলা কলেজ এবং খান জাহান আলী কলেজ। বাগেরহাটের জেলা প্রশাসন এবং সুন্দরবন সমর্থক গোষ্ঠী এ কর্মসূচির আয়োজন করে। সব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন। সকাল ১০টায় বাগেরহাট সরকারি পিসি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সুকণ্ঠ কুমার মণ্ডল। দুপুর ১২টায় খান জাহান আলী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মীর জুলফিকার আলী এবং বেলা দুইটায় বাগেরহাট সরকারি মহিলা কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ পরিমল কুমার মজুমদার।অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে, বাগেরহাট সামাজিক বন বিভাগের সহকারী বন কর্মকর্তা কামাল আহমেদ, শিক্ষাবিদ মোজাফ্ফর হোসেন এবং সুন্দরবন সমর্থক গোষ্ঠী বাগেরহাট জেলা কমিটির সদস্য সচিব বাবুল সরদার। বাবুল সরদার জানান, সুন্দরবনকে ভোট দেওয়ার সুযোগ এখন অনেক সহজ ও সাশ্রয়ী। কিন্তু এখনো অনেকেই বিষয়টি জানেন না। এখন মুঠোফোনে ইংরেজিতে এসবি লিখে ১৬৩৩৩ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে সুন্দরবনকে ভোট দেওয়া যায়। —আহাদ হায়দার, বাগেরহাট