
পুলিশ সুবলকে জিজ্ঞেস করল, ‘তুমি কোথায় থাকো?’
: আমার মা–বাবার সাথে।
: তোমার মা–বাবা কোথায় থাকেন?
: আমার সাথে।
: তোমরা সবাই কোথায় থাকো?
: একসাথে!
: উফফ্, তোমার বাসা কই?
: আমাদের প্রতিবেশীর বাসার পাশে।
: তোমার প্রতিবেশীর বাসা কোথায়?
: বললে তো আপনি বিশ্বাস করবেন না।
: আরে ভাই, আগে বলো না কোথায়!
: আমাদের বাসার পাশে...
সুবলের সঙ্গে আমার সেদিন রাতেই দেখা হয়েছিল, হাসপাতালে। জিজ্ঞেস করলাম, ‘কেমন আছিস রে, গাধা? পুলিশ ছুঁলে যে ছত্রিশ ঘা, জানতি না ব্যাপারটা?’ সুবল যন্ত্রণাকাতর মুখে জবাব দিল, ‘হুম, জানতাম। কিন্তু সেই জানায় ভুল ছিল, আসলে পুলিশে ছুঁলে হয় এক শ ছত্রিশ ঘা!’
সুবলের বন্ধু হাবল তো ওর চেয়েও বোকা! সে নাকি সেদিন এক পুলিশকে জিজ্ঞেস করল, ‘আঙ্কেল, আপনি কি পুলিশ?’ পুলিশ বললেন, ‘হ্যাঁ, কেন, কী হইছে?’ হাবল খুশি হয়ে বলল, ‘বাবা বলেছেন, বিপদে পড়লে পুলিশের হেল্প নিতে।’ পুলিশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, ‘তো কী সমস্যা তোমার?’ হাবল পায়ের দিকে দেখিয়ে বলল, ‘জুতার ফিতা খুলে গেছে...!’
সেদিন মাত্র একটা ধমকেই হাবল কী করে পার পেয়েছিল, সেটাই এখন আমাদের কাছে বিস্ময়!
তাই বলে সব পুলিশই যে এক রকম তা–ও নয়। বেশির ভাগই ভালো, তারা কাউকে কাউকে ছেড়েও দেয়। এই যেমন একদিন এক চোরকে পুলিশ তাড়া করছিল। পুলিশের তাড়া খেয়ে এদিক–ওদিক দৌড়াতে দৌড়াতে চোরটা গিয়ে ঢুকল জঙ্গলে। জঙ্গলটা আবার চোরকাঁটায় ভর্তি! পুলিশ হতাশ হয়ে তাকে ছেড়ে দিল। লম্বা একটা নিঃশ্বাস ফেলে বলল, ‘এই যাহ্! এতগুলো চোরের ভেতরে এটাকে কী করে খুঁজে পাব! বালাই–ষাট!’
না না, শুধু এমন উদার পুলিশই আছে, তা নয়। ভালোবাসার কাঙাল পুলিশও আছে আমাদের দেশে। ওই যে শোনেননি, সেদিন নাকি পুলিশের গাড়িতে এক নারী ফুলের টব ছুড়ে মেরেছিলেন? সে জন্য পুলিশরা কিঞ্চিত রাগ করেছিল। আরে বাবা, ফুল দিবি দে, টবসহ দেওয়ার কী দরকার ছিল! তারপর কী আর তারা বসে থাকতে পারে? পারেনি। অনেকে আবার বলে বসল, ‘তাই বলে নারীর গায়ে হাত!’ এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে জনৈক পুলিশ সদস্য বলেন, ‘পুলিশ নারী–পুরুষে ভেদাভেদ করে না। তাদের সঙ্গে সাম্যবাদী আচরণই করা হয়েছে।’ এটা শুনে ফিডার সেবন করা এক শিশু অনুভূতি জানাতে গিয়ে বলল, ‘অ্যাঁ!’