বাঙালির শর্টকোর্স-প্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজকাল রাস্তাঘাটে চলার উপায় নেই। যেদিকে তাকাই, সেদিকেই দেখি ‘তিন দিনে ইংরেজি শিখুন’, ‘পাঁচ দিনে রকমারি রান্না শিখুন’, ‘এক ঘণ্টায় ৩০টি জাদু শিখুন’, ‘ড্রাইভিং শিখুন গাড়ির স্টিয়ারিং না ধরেই’! আরও কত কিছু যে শর্টকোর্সের মাধ্যমে শেখানো হচ্ছে, তার প্রমাণ তো পাচ্ছেন আমাদের কোমলমতি শিশু-কিশোর, তরুণ শিক্ষার্থীদের মেধা ও মননের পরীক্ষা দেখে। এভাবে আর কত?
আসুন, একটা শোনা গল্প আবার শুনি নতুন করে।
বিল গেটস লাইবেরিয়ায় নতুন অফিস খুলেছেন। সেখানে দক্ষ একজন লোক দরকার। সারা দুনিয়ার অগণিত মানুষ আবেদন করেছেন সেই পদটার জন্য। কেউ কারও থেকে কম নন। বিল গেটস চাইছিলেন সব প্রার্থী উপস্থিত থাকুক। সে জন্য টিএডিএর ব্যবস্থাও করেছিলেন তিনি। তো সবাই উপস্থিত হলেন সেখানে।
প্রথমে মাইকে ঘোষণা করা হলো, যাঁরা প্রোগ্রামিং পারেন না, তাঁরা চলে যান। দেখা গেল, অর্ধেকই প্রোগ্রামিং পারেন না। সেখানে একজন বাঙালিও ছিলেন। তিনি ভাবলেন, ‘এ আর এমনকি! শর্টকোর্স করে শিখে নেওয়া যাবে!’ তাই তিনি থেকে গেলেন। এরপর বিল গেটস বিভিন্ন অ্যাপলিকেশনের বিষয়ে জানতে চাইলে দেখা গেল আস্তে আস্তে প্রার্থী কমতে কমতে মাত্র অল্প কজন বাকি আছেন।

বিল গেটস তখন বললেন, ‘যাঁরা লাইবেরিয়ার ভাষায় কথা বলতে পারেন, তাঁরা বাদে বাকিরা চলে যান।’ দেখা গেল, দুজন বাদে সবাই চলে গেছেন। সেই দুজনের মধ্যে বাঙালি ভাইটাও ছিলেন। তিনি মনে মনে আগের মতোই ভাবলেন, ‘এ আর এমনকি! শর্টকোর্স করে শিখে নেব।’
বিল গেটস দেখলেন, আর মোটে দুজন প্রার্থী আছেন। এবং দুজনই সব যোগ্যতার অধিকারী। কিন্তু তাঁর মাত্র একজন দরকার। তাই তিনি ঘোষণা করলেন, ‘আপনারা দুজন লাইবেরিয়ার ভাষায় কথা বলুন।’
বাঙালি দমবার পাত্র নন। তিনি খাঁটি বাংলায় বলে উঠলেন, ‘ভাই, আমার নাম সবজান্তা শমশের। আপনি ভালো আছেন তো?’ আমাদের বাঙালি সাহসী ভাইকে অবাক করে দিয়ে ওপাশ থেকে দ্বিতীয় ব্যক্তি বললেন, ‘হ্যাঁ ভাই, ভালো আছি। আমার নামও সবজান্তা ষমশের; তবে শমশের বানানে আমি মূর্ধণ্য ষ লিখি। তো আমি ভালো আছি।’ এরপর দুই বাঙালি অনর্গল কথা বলতেই থাকলেন। বিল গেটস লাইবেরিয়ার ভাষা বুঝতেন না, বাংলা ভাষাও বোঝার কথা নয়। তাই তিনি ভাবলেন, বাহ্, এই দুজন কত সাবলীলভাবে লাইবেরিয়ার ভাষায় কথা বলছেন। শেষে সিদ্ধান্ত পাল্টে দুজনকেই নিয়োগ দিলেন তিনি।
এটা একটা কল্পিত গল্প। তবে বাঙালিরা শুধু কল্পনায়ই সেরা নন, সত্যিকার অর্থেও তাঁরা সেরা। তার প্রমাণ আমরা পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তালিকা করলে সেটা বিশাল লম্বা হবে। এই যেমন শিক্ষাব্যবস্থার কথাই ধরুন। সবাই ছুটছেন শর্টকোর্সের পেছনে। তবে এভাবে শর্ট করতে করতে না জানি আমাদের শর্টসার্কিট হয়ে যায়!

গ্রন্থনা: আবু সাঈদ