মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত আন্তর্জাতিক স্পেস অ্যাপস প্রতিযোগিতা ২০১৬-এর আঞ্চলিক পর্ব এবার দেশে আয়োজন করা হচ্ছে। আগামী ২২ থেকে ২৪ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে এ প্রতিযোগিতা। গতকাল সোমবার রাজধানীর বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস—বেসিসের সভাপতি শামিম আহসান। তিনি বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে মহাকাশ প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী ধারণা পাওয়া যাবে। বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজন করছে বেসিস।
স্পেস অ্যাপস প্রতিযোগিতা ২০১৬-এর আহ্বায়ক আরিফুল হাসান বলেন, আঞ্চলিক পর্যায়ের তিন বিভাগ থেকে দুজন করে মোট ছয়জন নাসার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় বিমান চালনাবিদ্যা, মহাকাশ স্টেশন, সোলার ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি, মঙ্গল গ্রহে যাওয়ার বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান করবেন প্রতিযোগীরা।
আগ্রহীদের ২০ মার্চের মধ্যে (www.studentsforum.basis.org.bd) ঠিকানায় একক বা দলগতভাবে নিবন্ধন করতে হবে।
দেশে এই প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করছে বেসিস স্টুডেন্টস ফোরাম, ক্লাউডক্যাম্প বাংলাদেশ, বাগডুম ডটকম, পিবাজার ডটকম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি।