বাজার বাড়ছে ফ্যাবলেটের!
মাল্টিমিডিয়া আর বড় স্ক্রিনের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা বাড়ছে ফ্যাবলেটের। পাঁচ ইঞ্চির বেশি আবার ৮ ইঞ্চির কম মাপের এ পণ্যগুলোকে কেউ বলছেন ফ্যাবলেট, কেউ ফোনোলেট, টুইনার বা সুপার স্মার্টফোন। প্রযুক্তির বিশ্লেষকেরা জানিয়েছেন, যে নামেই ডাকা হোক না কেন স্মার্টফোনের চেয়ে বড় আর ট্যাবলেটের চেয়ে আকারে কিছুটা ছোট নতুন এ পণ্যটি ২০১৩ সালে প্রচুর জনপ্রিয়তা পাবে এবং আগামী তিন বছর এর জনপ্রিয়তা বাড়তেই থাকবে। খবর রয়টার্সের।ফ্যাবলেটের বাজারে জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো হচ্ছে-স্যামসাং, এলজি, লেনোভো, আসুস, গুগল (অপারেটিং সিস্টেম নির্মাতা), নুসেন্স (সফটওয়্যার নির্মাতা), এনভিডিয়া (চিপ নির্মাতা) ও কোয়ালকম (চিপ নির্মাতা)।ফ্যাবলেটের বাজারে আগামীতে বিজয়ীদের তালিকায় যুক্ত হতে পারে এইচটিসি, হুয়াউয়ে, প্যানাসনিক, সনি ও জেডটিই। এছাড়াও ফ্যাবলেটের বাজারে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আধিপত্য দেখাতে পারে। চীনের ফ্যাবলেট নির্মাতাদের মধ্যে রয়েছে ওপ্পো ও জোপো মোবাইল। ফ্যাবলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত হচ্ছে ভারতের বিয়ন্ড টেক, কার্বন মোবাইল, মাইক্রোম্যাক্স, এনএক্সজি। ফিলিপাইনেও তৈরি হচ্ছে ফ্যাবলেট। ফিলিপাইনের মাইফোন ও চেরি মোবাইল বাজারে আনবে ফ্যাবলেট।পাঁচ ইঞ্চি মাপের নীচে স্মার্টফোন তৈরি করে ফ্যাবলেট জনপ্রিয়তার তালিকায় প্রতিষ্ঠান হিসেবে আড়ালে পড়ে গেছে নকিয়া, ডেল, রিসার্চ ইন মোশন।বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানাইলটিকসের গবেষকেরা জানিয়েছেন, ২০১৩ সাল হবে ফ্যাবলেটের বছর। ২০১২ সালে ফ্যাবলেট যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। আগামী তিন বছর ফ্যাবলেটের জনপ্রিয়তা আরও বাড়বে।ফ্যাবলেটের বাজারে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে স্যামসাং, জেডটিই, হুয়াউয়ে, এলজির মতো প্রতিষ্ঠানগুলোর মধ্যে।এবিআই রিসার্চের গবেষকেরা জানিয়েছেন, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জনপ্রিয় হবে ফ্যাবলেট। কারণ বর্তমানে স্মার্টফোনের চেয়ে বড় মাপের পর্দাযুক্ত পণ্যের দিকে ঝুঁকছেন ক্রেতারা, যাতে ভালো মানের ভিডিও দেখা যায়। ওয়াই-ফাই সুবিধার ফ্যাবলেটের দিকেই আগ্রহ বেশি থাকবে এ বছর।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০১৬ সাল নাগাদ ফ্যাবলেটের বাজার তিন গুণ পর্যন্ত বেড়ে যাবে এবং ২২ কোটির ইউনিটের বেশি ফ্যাবলেট বিক্রি হবে।