বাজারে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বাড়ছে
গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চারিথ ট্যাবলেট কম্পিউটার বিশ্ববাজারে তাদের আধিপত্য বাড়িয়েই চলেছে। তবে অ্যাপলের আইপ্যাড এখন পর্যন্ত শীর্ষস্থানটি ধরে রেখেছে। একটি গবেষণা প্রতিষ্ঠান গত বৃহস্পতিবার এ কথা জানায়। স্ট্র্যাটেজি অ্যানালিটিকস নামের প্রতিষ্ঠানটি একটি জরিপের ফলাফলে জানায়, অ্যান্ড্রয়েড ট্যাবলেট কম্পিউটারগুলো গত বছরের শেষ তিন মাসে ৩৯ শতাংশ বাজার দখল করে। এর আগের বছর একই সময়ে এ হার ছিল ২৯ শতাংশ।বোস্টনভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, এদিকে অ্যাপলের আইপ্যাড গত বছরের শেষ তিন মাসে ট্যাবলেট বাজারের ৫৮ শতাংশ দখল করে রেখেছিল। এর আগের বছর একই সময়ে তারা বাজারের ৬৮ শতাংশ নিজেদের দখলে রেখেছিল। স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের পরিচালক পিটার কিং জানান, গত বছরের শেষ তিন মাসে বিশ্বব্যাপী দুই কোটি ৬৮ লাখ ট্যাবলেট কম্পিউটার বাজারে ছাড়া হয়, যা ছিল আগের বছরের তুলনায় ১৫০ শতাংশ বেশি। গত বছরের শেষ তিন মাসে এক কোটি ৫৪ লাখ আইপ্যাড বিক্রি হয়।অন্যদিকে বাজারে আসে এক কোটি পাঁচ লাখ অ্যান্ড্রয়েড ট্যাবলেট। পিটার কিং জানান, গত বছরের শেষ তিন মাসে মাত্র ১ দশমিক ৫ শতাংশ বাজার মাইক্রোসফটের উইন্ডোজ-চালিত ট্যাবলেটগুলোর দখলে ছিল। চলতি বছরেই আসছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮। কিন্তু নতুন এই অপারেটিং সিস্টেম মাইক্রোসফটকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে প্রযুক্তি বিশ্লেষকদের। কেননা অ্যান্ড্রয়েড ট্যাবলেট দিন দিন জনপ্রিয় হচ্ছে। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান