বাজারে আসছে হুয়াওয়ের মেট ৮ ও এম ২

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে শুরু হওয়া কনজুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) মেট ৮ স্মার্টফোন ও এম ২ ট্যাবের ঘোষণা দিয়েছে চীনের হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ।
হুয়াওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিইএস উপলক্ষে উন্মুক্ত করা মেট ৮ স্মার্টফোনটিতে রয়েছে এমন সব প্রয়োজনীয় ফিচার যা গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়নে সাহায্য করবে। ফোনটিতে সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ক্যামেরাতে রয়েছে নিরাপত্তার জন্য রয়েছে বিশেষ সেন্সর। সিইএসে মেট ৮ ছাড়াও গুগল নেক্সাস ৬পি হ্যান্ডসেটের গোল্ডেন সংস্করণটির উদ্বোধন করেছে হুয়াওয়ে। নতুন ট্যাব হিসেবে এসেছে হুয়াওয়ে এম ২। সিইএসে স্মার্টওয়াচের নতুন সংস্করণও এনেছে হুয়াওয়ে।
হুয়াওয়ে টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়াং বলেন, ‘গ্রাহকদের সর্বশ্রেষ্ঠ অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে বিশ্বজুড়ে সবার মধ্যে সাড়া জাগাতে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হুয়াওয়ে পণ্যের চাহিদাও বাড়ছে। বাংলাদেশেও হুয়াওয়ের পণ্য জনপ্রিয়তা পেয়েছে। আমরা এখানে গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছি। এটা আনন্দের।’
হুয়াওয়ে দাবি করেছে, গত বছর ১০ কোটি স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে এবং বাজারে স্মার্টফোনের ক্ষেত্রে তৃতীয় স্থান দখল করেছে। ব্যবসা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) তালিকা অনুযায়ী হুয়াওয়ে বিশ্বের অভিনব ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নিয়েছে। গত বছর এ প্রতিষ্ঠানটি গবেষণা ও উন্নয়নে এর বার্ষিক আয়ের (৬.৩ বিলিয়ন মার্কিন ডলার) ১৪ দশমিক ২ শতাংশ ব্যয় করেছে।