বাজারে আসছে ‘ট্রিনিটি’ প্রসেসর
অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) ‘ট্রিনিটি’ নামের একটি প্রসেসর তৈরি করছে। এই প্রসেসরটির ‘লিয়ানো’ প্রসেসরের পরবর্তী সংস্করণ। এএমডি জানিয়েছে, প্রসেসরটি কম শক্তিতে অধিক কাজ করতে পারে ও সব ধরনের ডিভাইসের জন্যই এটি উপযোগী। তবে আল্ট্রাবুক, অল-ইন-ওয়ান ডেক্সটপ ও ল্যাপটপের উন্নত পারফরমেন্স পেতে হলে এই প্রসেসর ব্যবহার করা যেতে পারে। ইনটেলের তৈরি আইভিব্রিজ প্রসেসরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই ট্রিনিটিতে ৪ সিপিইউ কোর ও একক জিপিইউ যুক্ত করেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি। বিবিসি জানিয়েছে, যাঁরা কম্পিউটারে গেম খেলতে পছন্দ করেন ও মাল্টিমিডিয়া চালাতে যাঁদের শক্তিশালী গ্রাফিক্স প্রয়োজন পড়ে—এএমডির ট্রিনিটি চিপটি তাঁদের উদ্দেশ করেই তৈরি করা হয়েছে। এএমডির দাবি, ট্রিনিটি প্রসেসরযুক্ত ডিভাইসের ব্যাটারির আয়ু ১২ ঘণ্টারও বেশি হবে বলেই পাঁচটি আলাদা মডেলে ট্রিনিটি বাজারে আসবে। এর মধ্যে তিনটি কোয়াড কোর ও দুটি ডুয়াল কোর মডেল। ১৭ ওয়াট থেকে ৩৫ ওয়াট বিদ্যুতেই এই প্রসেসরগুলো চলতে সক্ষম হবে। এএমডি জানিয়েছে, ট্রিনিটি চিপযুক্ত প্রথম ‘আল্ট্রাবুক’ বাজারে আনবে হিউলেট প্যাকার্ড (এইচপি)।