বাজারে আসার আগেই শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্যনির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের নতুন আইপ্যাড আসার ঘোষণা দেওয়ার এক দিনের মধ্যেই জানানো হয়েছে, শেষ হয়ে গেছে নতুন আইপ্যাডের মজুদ! এর আগে যুক্তরাজ্যের বাজারে ১৬ মার্চ থেকে নতুন আইপ্যাড পাওয়ার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে ওই দিন বাজারে আসার কথা থাকলেও সেদিনের জন্য সাদা রঙের আইপ্যাড আর মজুদে নেই বলে জানা গেছে। অ্যাপলের ওয়েবসাইটে এখন যাঁরা নতুন আইপ্যাডের জন্য অর্ডার দিচ্ছেন, তাঁদের জানানো হচ্ছে, নতুন এ ট্যাবলেট কম্পিউটারটি পেতে আরও তিন দিন অপেক্ষা করতে হবে। ১৬ মার্চ সরবরাহ করার মতো নতুন সব সাদা রঙের আইপ্যাড বিক্রি হয়ে গেছে। সাদা রঙের আইপ্যাডের প্রতি গ্রাহকদের আগ্রহ বেশি। তবে একই সুবিধার কালো রঙের আইপ্যাড নির্দিষ্ট সময়েই পাওয়া যাবে বলে জানা গেছে। আর তাই যুক্তরাজ্যে আইপ্যাড আসার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ১৯ মার্চ।গত সপ্তাহে সান ফ্রান্সিসকোতে আনুষ্ঠানিকভাবে নতুন আইপ্যাড বাজারে আনার ঘোষণা দেয় অ্যাপল। রেটিনা পর্দার উন্নত প্রসেসর, গ্রাফিক্স সুবিধার এ ট্যাবলেটে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেনেও একই দিনে আইপ্যাড পাওয়া যাবে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। শুরুতে একজন গ্রাহক সর্বোচ্চ দুটি আইপ্যাডের জন্য অর্ডার করতে পারবেন বলে জানানো হলেও এখন তা কিছুটা দেরিতে হবে। এর আগে আইপ্যাড ২ বাজারে আসার পরও খুব দ্রুত বিক্রি হয়ে যায়। —দ্য টেলিগ্রাফ ও দ্য নেক্সট ওয়েব অবলম্বনে কাজী আশফাক আলম