বাজারে আসুসের নতুন মাদারবোর্ড
আজ ২১ মে থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে আসুস ৯ সিরিজের মাদারবোর্ড৷ ম্যাক্সিমাস ৭হিরো, জেড৯৭-কে এবং এইচ৯৭এম-ই নামে তিনটি ভিন্ন মডেলে বাজারে এসেছে এই মাদারবোর্ড৷ এসব মাদারবোর্ড গেম খেলার জন্য বিশেষ উপযোগী৷
বাংলাদেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড গতকাল মঙ্গলবার ঢাকায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদারবোর্ড বাজারে ছাড়ার ঘোষণা দেয়৷ এ সময় গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ বলেন, বিশ্বের প্রযুক্তি বাজারে আসুস একটি নির্ভরযোগ্য অবস্থানে রয়েছে৷ আসুসের এই ৯ সিরিজের মাদারবোর্ডগুলো চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রসেসরে কাজ করতে সমর্থ। সংবাদ সম্মেলনে গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, আসুস বাংলাদেশের ন্যাশনাল সেলস ম্যানেজার জিয়াউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন৷
সম্মেলনে জানানো হয়, মাদারবোর্ডগুলো উচ্চ গ্রাফিকসের গেম ও গ্রাফিকস ডিজাইনের কাজে বেশি সহায়ক হবে৷ এগুলোতে রয়েছে রিপাবলিক অব গেমার, দ্য আল্টিমেট ফোর্স এবং ওয়ার্কস্টেশনের বিশেষ বৈশিষ্ট্য৷ আছে ক্রিস্টাল সাউন্ড-২ এবং টার্বো ল্যান সুবিধা, যেটি দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করতে পারবে৷ মাদারবোর্ডগুলোর দাম ১০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে৷
—মো. রাফাত জামিল