বাজারে ইনটেলের এসএসডি
কম্পিউটার চালু করলেই হার্ডডিস্ক ড্রাইভের (এইচডিডি) শাঁ শাঁ শব্দ শোনা যেত। কারণ, ধাতব কাঠামোর ভেতরে ধাতব এক চাকতি প্রবল বেগে ঘুরতে থাকে। সে চাকতির ওপর তড়িৎ চুম্বকীয় প্রলেপেই তথ্য সংরক্ষণ করা হয়। এই ছিল এইচডিডির কাজ করার ধরন। কিছু সমস্যা ছিল। মাঝেমধ্যে প্রবল শব্দ করতে থাকে, হাত থেকে পড়া মাত্র নষ্ট হয়ে যেতে পারে। আর তা ছাড়া তথ্য আদান-প্রদানের গতিও কম। এই সমস্যাগুলোর কথা মাথায় রেখেই তৈরি হয় সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)। এসএসডির কাজ হার্ডডিস্কের মতো একই—তথ্য সংরক্ষণ করা। তবে চুম্বকীয় চাকতির বদলে পরস্পর যুক্ত ফ্ল্যাশ মেমোরি চিপে ডেটা সংরক্ষণ করা হয় এতে। এসএসডিতে বিদ্যুৎ খরচ অনেক কম, ডেটা আদান-প্রদানের গতি বেশি, সহজে নষ্ট হয় না।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে মাইক্রোপ্রসেসর নির্মাতা ইনটেলের তৈরি এসএসডি বাংলাদেশের বাজারে ছাড়া উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে এভাবেই তথ্য সংরক্ষণের প্রযুক্তির তুলনামূলক চিত্র তুলে ধরেন কম্পিউটার সোর্স লিমিটেডের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট মেহেদী জামান। এ সময় তিনি ইনটেলের খুদে আকারের কম্পিউটার ইনটেল নাক (এনইউসি) এবং প্লাগ অ্যান্ড প্লে ইনটেল কম্পিউটার স্টিকের বিভিন্ন সুবিধা উল্লেখ করেন। ইনটেলের তৈরি বিভিন্ন ধারণক্ষমতার এসএসডিগুলোতে পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া হবে বলে জানানো হয়।