বাজারে এগিয়ে গুগল
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল বাজার শেয়ারে আবারও এগিয়েছে। তবে আগের চেয়ে শেয়ারের দিক দিয়ে পিছিয়েছে ইয়াহু। সম্প্রতি কমসোর্স ইনকরপোরেটেডের সূত্রে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে গত সেপ্টেম্বর মাসে গুগলের শেয়ার ছিল ৬৫.৩ শতাংশ, আগস্টে ৬৪.৮ শতাংশ। একই সময়ে ইয়াহুর অংশীদারি কমেছে। সার্চ ইঞ্জিন ব্যবহারের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইয়াহুর শেয়ার ছিল ১৬.৩ শতাংশ, যা এখন ১৫.৫ শতাংশে দাঁড়িয়েছে। এ তালিকায় তৃতীয় অবস্থানে থাকা মাইক্রোসফট বিংয়ে শেয়ার ১৪.৭ শতাংশ। বাজারবিশেষজ্ঞ ডগ অ্যানমুথ বলেন, তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিনগুলো নানা ধরনের সুবিধা বাড়াচ্ছে। এ ক্ষেত্রে কম্পিউটার এবং মুঠোফোনে তথ্য দেখানোর মাধ্যমে আয়ের নতুন ক্ষেত্র যুক্ত হচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে গুগল প্রতিনিয়ত নানা ধরনের সুবিধা যুক্ত করছে। তথ্য খোঁজার ক্ষেত্রে বিজ্ঞাপন থেকে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি আয়ও করছে। নতুন সুবিধার মধ্যে প্রথম প্রদর্শিত ফলাফলটির বিস্তারিত ঠিকানা, শব্দ লিখলে এ-সংক্রান্ত পরামর্শ দেখানো, ডান পাশে ফলাফলের সাইটগুলোর নমুনা প্রদর্শন ইত্যাদি অন্যতম। আর এ ধরনের সুবিধা ব্যবহারকারীরা পাচ্ছেন দুই থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই। এ ছাড়া কম্পিউটারের বাইরে মুঠোফোনেও সার্চের ক্ষেত্রে নানা ধরনের সুবিধা যুক্ত করেছে গুগল। অন্যদিকে গুগলের সঙ্গে নিয়মিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করেও শীর্ষে যেতে পারছে না মাইক্রোসফট ও ইয়াহু। ব্যবহারকারীদের আরও উন্নত এবং আধুনিক সেবা না দেওয়াই এ ক্ষেত্রে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম