বাজারে এমএসআইয়ের নতুন ৭ ল্যাপটপ

দেশের বাজারে তাইওয়ানের এমএসআই ব্র্যান্ডের নতুন সাতটি মডেলের ল্যাপটপ আনল প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান নেক্সট ট্র্যাক। ল্যাপটপগুলোর মধ্যে চারটি গেমিং ল্যাপটপ ও তিনটি সাধারণ ল্যাপটপ।
বাজারে আসা নতুন এই গেমিং ল্যাপটপগুলো হচ্ছে জিটি৭০ ২পিই ডমিনেটর প্রো, জিএস৭০ ২পিই স্টিলথ প্রো, জিই৬০ ২পিই অ্যাপাচি প্রো, জিপি৬০ ২পিই লিওপার্ড। আর সাধারণ ল্যাপটপগুলো হচ্ছে সিএক্স৬১ ২ পিসি, সিআর৪২ ২এম, সিআর৪২ ২এম।
গেমিং ল্যাপটপ চারটির মধ্যে জিটি৭০ ২পিই ডমিনেটর প্রোর দাম দুই লাখ ২২ হাজার ৯৯০ টাকা। এস৭০ ২পিই স্টিলথ প্রো মডেলটির দাম পড়বে এক লাখ ৭২ হাজার ৯৯০ টাকা, জিই৬০ ২পিই অ্যাপাচি প্রোর ক্ষেত্রে এক লাখ ৪৩ হাজার ৯৯০টাকা, জিপি৬০ ২পিই লিওপার্ডের দাম পড়বে ৯৭ হাজার ৯৯০ টাকা।

সাধারণ ল্যাপটপগুলোর মধ্যে দাম সিএক্স৬১ ২ পিসির দাম ৫৫ হাজার ৯৯০ টাকা, সিআর৪২ ২এম মডেলটির দাম ৪৯ হাজার ৯৯০ টাকা ও সিআর৪২ ২এম মডেলটির দাম ৪৪ হাজার ৯৯০ টাকা।
২৫ মে রোববার রাজধানী ঢাকার একটি হোটেলে নতুন ল্যাপটপ বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে নতুন এই ল্যাপটপ বিভিন্ন দিক তুলে ধরেন এনবি এসইএ চ্যানেল সেলস বিভাগের হিসাব ব্যবস্থাপক রায়হান সাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবি এসইএ চ্যানেল সেলস বিভাগের ব্যবস্থাপক ফ্রেঙ্ক সু, নেক্সট ট্র্যাকের পরিচালক এম সাইফুল ইসলাম রয়েল, পি.আর.বি. রাজন, কে এইচ আল ইমরান, তৌহিদুল হায়াত রাজীব সহ অনেকে।
উইন্ডোজনির্ভর এই ল্যাপটপগুলোতে ইনটেলের প্রসেসর ব্যবহূত হয়েছে। অনুষ্ঠানে নতুন ল্যাপটপ প্রসঙ্গে রায়হান সাই বলেন, ‘গেম প্রিয় মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের বাজারে নতুন এই গেমিং ল্যাপটপ বাজারে নিয়ে এসেছি আমরা। আশা করি গেম প্রিয় তরুণদের এই গেমিং ল্যাপটপগুলো সকল চাহিদা পূরণ করতে পারবে।’
বাংলাদেশের বাজারে ভবিষ্যতে এমএসআই ব্র্যান্ডের আরও অনেক উন্নত ল্যাপটপ বিপণন করার ঘোষণা দিয়েছে নেক্সট ট্র্যাক।